৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পেল বাংলাদেশের হ্যামস গার্মেন্টস

বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পেল বাংলাদেশের হ্যামস গার্মেন্টস

বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি অর্জনের জন্য হ্যামস গার্মেন্টস লিমিটেড’কে শনিবার (৩১ জানুয়ারি) বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ এবং হ্যামস গার্মেন্টস লিমিটেডের যৌথ উদ্যোগে উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সের অনুষ্ঠানটি আয়োজিত হয়।

বিজিএমইএ-এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বাবলু তার বক্তব্যে বলেন, ”হ্যামস গার্মেন্টস লিমিটেড ইউএসজিবিসি লিড প্লাটিনাম সার্টিফিকেশনে ১১০ এর মধ্যে ১০৮ স্কোর করে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এটি কেবল একটি সংখ্যার বিচার নয়, বরং এটি বর্তমানে বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ স্কোর।”

তিনি আরও বলেন, ”এই সাফল্য সারা বিশ্বের কাছে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মর্যাদা ও সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বাংলাদেশের পোশাক খাতের জন্য একটি ‘গ্লোবাল বেঞ্চমার্ক’ তৈরি করেছে।”

বিজিএমইএ-এর পরিচালক ফয়সাল সামাদ হ্যামস গার্মেন্টসকে অভিনন্দন জানিয়ে বলেন, ”১১০ এর মধ্যে ১০৮ স্কোর করা এক বিশাল চ্যালেঞ্জ, যা তারা সফলভাবে করেছে।”একইসঙ্গে তিনি কারখানার পরিবেশবান্ধব রূপান্তরে গ্রিন টেকনোলজি ফান্ডের প্রাপ্যতা আরও সহজতর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজিএমইএ-এর পরিচালক ফারুক হাসান তার বক্তব্যে উল্লেখ করেন, গত কয়েক দশক ধরে বাংলাদেশ লিড সার্টিফিকেশনে সর্বোচ্চ স্কোর করে নিজের রেকর্ড নিজেই ভাঙছে, যা শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

তবে তিনি বলেন, গ্রিন ফ্যাক্টরিগুলো কার্যাদেশে অগ্রাধিকার পেলেও, পণ্যের মূল্যে এর সঠিক প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না। অনুষ্ঠানে ইউএসজিবিসি এর কনসালটেন্ট এবং ৩৬০ টিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ এই অর্জনের কারিগরি দিকগুলো তুলে ধরেন।

তিনি বলেন, ”বাংলাদেশ শুধুমাত্র যে সাসটেইনিবিলিটির পথে এই অগ্রযাত্রা অব্যাহত রেখেছে, তা নয়, বরং নতুন বৈশ্বিক বেঞ্চমার্ক তৈরি করছে।”প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশে ২৭৩টি লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে ১১৫টি প্লাটিনাম এবং ১৩৯টি গোল্ড মানের।

উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গ্রিন কারখানার মধ্যে ৬৯টিই এখন বাংলাদেশে অবস্থিত।