২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্ক

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে মাত্র ৪দিনের সফরে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে মাত্র ৪দিনের সফরে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে পৌঁছেছেন। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আগামী ২৪ সেপ্টেম্বর অপরাহ্নে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে ম‍্যানহটানের “হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়।

হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং কনসাল জেনারেল মোজাম্মেল হক।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্লাইটটি ইস্তাম্বুল সময় সকাল ১১টা ৩৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দুই ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়।

শুক্রবার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ, রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজ দিয়ে শুরু সফর

কর্মব্যস্ত সূচির প্রথম দিন ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্যে স্বাগত প্রাতরাশে যোগ দেবেন। এরপর তিনি সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশ্বনেতার সঙ্গে অংশগ্রহণ করবেন।

পরে সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরদিন ২৩ সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধির সঙ্গে প্রাতরাশ বৈঠকে মতবিনিময় করবেন।

এরপর তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে এবং স্পেন আয়োজিত বৈশ্বিক বৈষম্যসংকট মোকাবিলা বিষয়ক একটি সভায় বক্তব্য রাখবেন। বিকালে তিনি জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় যোগ দেবেন।

২৪ সেপ্টেম্বরবৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে, ওই দিন সকাল ১০টায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন।

ঐদিন সাড়ে ১১টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

দুপুর দেড়টায় মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তিবিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান সমাপনী বক্তব্য দেবেন।

এরপর দুপুর আড়াইটায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। ৩টায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বিকাল ৫টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে ৫টায় তিনি জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে বিশ্বনেতাদের সামনে ১৫ মিনিট ভাষণ দেবেন। পরে রাতে প্রধানমন্ত্রীর সম্মানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত নৈশভোজ অংশগ্রহণ করবেন।

২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে জেপি মরগান আয়োজিত ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর কুয়েতের স্থায়ী মিশনে দেশটির ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

দুপুরে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জায়েদ আল হুসেইনের সঙ্গে সম্ভাব্য মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

পরে যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে দলের চেয়ারপারসন তারেক রহমানের। সবশেষে রাতে ১১টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-২০২ ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

জুবাইদা রহমানসহ যারা থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের প্রতিনিধিদলে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে নিজের প্রথম ভাষণে বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’র কথা তুলে ধরবেন তিনি। সফরে প্রতিনিধিদলে থাকছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ ৩০ জনের বেশি সদস্য।

জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় বিকেলে বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবার জাতিসংঘ সফরে এসেছেন ছোট পরিসরের একটি প্রতিনিধি দল। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সফরে বিশিষ্ট ব্যক্তি হিসেবে তার সঙ্গে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব সৈয়দ গোলাম মহিউদ্দিন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন , জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অতীতে দেখা গেছে, সরকারপ্রধানরা শতাধিক সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতেন। এবার ব্যতিক্রম ঘটিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ছোট পরিসরের একটি প্রতিনিধিদল নিয়ে এই প্রথম জাতিসংঘেএসেছেন ।

প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমান ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তালিকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নাম থাকলেও তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করছেন। বর্তমানে তিনি নিউইয়র্কেই রয়েছেন।

প্রতিনিধিদলে আরও রয়েছেন দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আজাদ, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, এস এম জিয়াউদ্দিন হায়দার ও শামীম পারভেজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন।

এছাড়া, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও প্রতিনিধিদের মধ্যে রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও প্রতিনিধিদলে রয়েছেন।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে. কর্নেল জুননম নাহিদ এবং প্রধানমন্ত্রীর এডিসি লে. কর্নেল শোহানুর রহমান। তথ‍্যসুত্র বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর প্রেস উইং