সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাম। দু’ দলের ফুটবলারদের একটি নির্দিষ্ট বাক্যে অভিনন্দন জানান আমেরিকার প্রেসিডেন্ট।
বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে স্পেন এবং আর্জেন্টিনার সব ফুটবলারকে নাকি একটি কথাই বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকলকে অভিনন্দন জানিয়ে নির্দিষ্ট সাতটি শব্দ ব্যবহার করেন আমেরিকার প্রেসিডেন্ট। লামিনে
ইয়ামাল, লিয়োনেল মেসিদের কী বলেছিলেন তিনি?
প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক কী বলেছিলেন, তা দু’দলের কোনও ফুটবলার বা মঞ্চে উপস্থিত থাকা কেউ বলেননি। ঠোঁটের নড়াচড়া দেখে কথা বুঝতে পারেন এমন একজন পেশাদার বিশেষজ্ঞের দাবি, সকলকে শুভেচ্ছা জানিয়ে সাতটি শব্দ ব্যবহার করেন ট্রাম্প। পদক দেওয়ার আগে দু’দলের প্রত্যেক ফুটবলারকে বার বার একটি কথাই বলেন তিনি।
পেশাদার ‘লিপ রিডার’ বিশেষজ্ঞ নিকোলা হিকলিং বলেছেন, ‘‘ট্রাম্প সকলকে একটি কথাই বলেছেন পুরস্কার দেওয়ার আগে। নির্দিষ্ট কয়েকটি শব্দ ছাড়া কিছু উচ্চারণ করেননি। অত্যন্ত পরিচিত কয়েকটি শব্দ ব্যবহার করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট সকলকে বলেছেন, ‘তুমি একজন চ্যাম্পিয়ন, অসাধারণ খেলোয়াড়।’ এক জনের সঙ্গেও ট্রাম্প বাড়তি কোনও কথা বলেননি।’’















