১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

কানাডার টরন্টোতে সম্পন্ন হলো ৩ দিনব্যাপী জমকালো ৪০তম ফোবানা সম্মেলন

কানাডার টরন্টোতে সম্পন্ন হলো ৩ দিনব্যাপী জমকালো ৪০তম ফোবানা সম্মেলন

গত ৪ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৬ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত কানাডার টরেন্টোর ডন ভ্যালি হোটেলে ৩ দিনব্যাপী ৪০ তম ফেডারেশন অফ বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা – “ফোবানা” সম্মেলন সম্পন্ন হয়েছে।

‘একাত্তুরের মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর আন্দোলনের চেতনাকে লালন করে ঘোষিত ‘ফিফা ৪০তম ফোবানা কনভেনশন-২০২৬’ এর যৌথ আয়োজক সংগঠন ছিলেন “টেষ্ট অব বাংলাদেশ” এবং “বাংলাদেশ সোসাইটি অব কানাডা”। টরন্টোতে অনুষ্ঠিত উক্ত “ফোবানা” সম্মেলনের শ্লোগান ছিল ‘অনুভবের চেতনায় আমাদের বাংলাদেশ’।

৫ম ও ৬ই সেপ্টেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় দিন শনিবার ও রোববার “ফোবানা” এবং ‘টেস্ট অব বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে ড্যানফোর্থ রোড ও বার্চমাউন্ট রোড এলাকায় বড় আকারের উন্মুক্ত বাংলাদেশি মেলার আয়োজন করা হয়। সেখানে খাবার, পোশাক, গয়না ও দেশীয় পণ্যের স্টলের পাশাপাশি সংগীত ও নৃত্যানুষ্ঠান উপভোগ করে বিপুলসংখ্যক দর্শক।

নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, গোল্ডেন এজ হোমকেয়ার এর প্রধান নির্বাহী, নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ফোবানার সাবেক চেয়ারম্যান জনাব শাহ নেওয়াজের পৃষ্ঠপোষকতায় “ফোবানার ব্যানারে” টরন্টোতে আয়োজিত উক্ত ৪০তম সম্মেলনে বাংলাদেশের কৃষ্টি, কালচার, সাহিত্য-সংস্কৃতিতে সৃজনশীলতাকেও প্রাধান্য দেয়ার পাশাপাশি বাংলাদেশী বংশোদ্ভূতদের নিয়ে বিজনেস নেটওয়ার্ক তৈরি ও অভিজ্ঞতা বিনিময়, বিজনেস লাঞ্চ, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন আসর, ইয়ুথ গ্রুপের কার্যক্রম বৃদ্ধিসহ নানা বিষয়ের ওপর অগ্রাধিকার দেয়া হয়েছে। আয়োজকদের মতে, সবমিলিয়ে এবারের সম্মেলন হয়েছে ফোবানার ইতিহাসে সেরা সম্মেলন।

কয়েক ভাগে বিভক্ত ফোবানা-র এই অংশের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, এক্সিকিউটিভ সেক্রেটারী ফিরোজ আহমেদ, ভাইস চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন আজম, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন টরন্টো সম্মেলনে অংশগ্রহণ করেন নি।

স্টিয়ারিং কমিটির সাবেক চেয়ারম্যান এ ৪০তম সম্মেলনের পৃষ্ঠপোষক জনাব শাহ নেওয়াজ এবং টরন্টো ফোবানা সম্মেলনের “চীফ নেগোসিয়েটর” ড. আবু জুবায়ের দারার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এবারের টরন্টোতে আয়োজিত ৪০ তম ফোবানা সম্মেলনে সাবিক সহায়তা করেছেন কনভেনরদ্বয় দেওয়ান আজীম ও খোকন রহমান এবং মেম্বার সেক্রেটারীদ্বয় জহুরুল ইসলাম ও জাহিদ চৌধুরী।

সম্মেলনের প্রথম দিন ৪ঠা সেপ্টেম্বর

শুক্রবার বাংলাদেশের সংস্কৃতি, বিনোদন ও ক্রীড়াঙ্গনের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আখতার ববিতা, জাদুশিল্পী জুয়েল আইচ, সাবেক ফুটবলার এনায়েতুর রহমান এবং অভিনেত্রী শান্তা ইসলাম। উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সেলিম চৌধুরী ও আঁখি আলমগীর, রানো নেওয়াজসহ নিউ ইয়র্ক, বাংলাদেশ ও টরন্টোর স্থানীয় শিল্পীরা। সমাপনী দিনে মঞ্চ মাতান ডলি সায়ন্তনী, ফকির সাহাবুদ্দিন ও শাহনাজ বেলী, রানো নেওয়াজ, অনিক রাজ প্রমুখ।

স্থানীয় মূলধারার রাজনীতিবিদদেরও উপস্থিতি ছিল। সম্মেলনের বিভিন্ন দিনে উপস্থিত বা বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন টরন্টোর মেয়র অলিভিয়া চাও, কানাডা পার্লামেন্টের নবনির্বাচিত সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত তানভীর শাহনাওয়াজ, কনজারভেটিভ পার্টির প্রার্থী ডা. আমানউল্লাহ তরুণ, টরন্টো সিটি কাউন্সিলর পার্থি কান্দাভেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা।