যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমরের পারিবারিক অভিবাসন ইতিহাস ও পূর্বের একটি বিয়ে নিয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইলহান ওমর ২০০৯ সালে ব্রিটিশ নাগরিক আহমেদ নূর সাইদ এলমি নামে যাকে বিয়ে করেছিলেন, তিনি আসলে ওমরের নিজের ভাই এবং অভিবাসন জালিয়াতির মাধ্যমে তাকে যুক্তরাষ্ট্রে আনতেই এই বিয়ে করা হয়েছিল।
ইলহান ওমর শুরু থেকেই এই অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে আহমেদ নূর সাইদ এলমি তাঁর ভাই নন।
ইলহান ওমরের বিয়ের নথিপত্রে কিছু অসঙ্গতি নিয়ে অতীতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করলেও, আহমেদ নূর সাইদ এলমি ওমরের নিজের ভাই কি না বা এটি কোনো অভিবাসন জালিয়াতি ছিল কি না, তার কোনো অকাট্য আইনি প্রমাণ এখন পর্যন্ত কোনো আদালতে বা সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়নি।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (DHS) একজন মুখপাত্র জানিয়েছেন যে, নীতিগত কারণে চলমান কোনো তদন্ত বা এর কৌশল নিয়ে তারা সরাসরি কোনো মন্তব্য করবেন না। তবে তাঁরা এটি স্পষ্ট করেছেন যে, তদন্ত নিরপেক্ষভাবে প্রমাণের ভিত্তিতে চালানো হবে এবং যুক্তরাষ্ট্রে কংগ্রেস সদস্যসহ আইনের ঊর্ধ্বে কেউ নন।
উল্লেখ্য, সোমালিয়ায় জন্মগ্রহণকারী ইলহান ওমর ১৯৯৫ সালে শরণার্থী হিসেবে পরিবারসহ যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০০০ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। ২০১৮ সাল থেকে তিনি মিনেসোটা স্টেট এর প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দায়িত্ব পালন করছেন।













