১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলা

আজ ফাইনালেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা

আজ ফাইনালেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা

তিনি সচরাচর কোনও ম্যাচের আগে কথা বলেন না। সংবাদমাধ্যম হোক কিংবা সোশ্যাল মিডিয়া এড়িয়ে যান। তবে এবার যেন অনেকটাই অপরিচিত লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারপর সোশ্যাল মিডিয়াতেও লম্বা পোস্ট করলেন বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার (Lionel Messi)। যে বার্তায় কেউ কেউ মেসির অবসরের ইঙ্গিতও পাচ্ছেন।

২০০৬ সালের বিশ্বকাপ দিয়ে শুরু হয়েছিল সফর। ২০২৬ পর্যন্ত দেশের হয়ে রেকর্ড ছটি বিশ্বকাপ খেলেছেন মেসি। ১৯ জুলাই রবিবার এর ম্যাচই কি জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ? জল্পনা বাড়িয়ে দিলেন মেসি নিজেই। লেখার পাশাপাশি দলের সকলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন এল এম টেন। ছবিতে রয়েছেন আর্জেন্তিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিও চিকি তাপিয়াও।

এমনিতেই বিশ্বকাপের আগে থেকেই বলাবলি হচ্ছিল, এটাই হয়তো মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’। শেষবার নিজেকে মেলে ধরার মঞ্চ। শেষ বিশ্বকাপ।

স্পেনের বিরুদ্ধে ফাইনালের আগে মেসি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এই এতগুলো বছরে কটা ট্রফি জিতেছি সেটা সবচেয়ে স্মরণীয় নয়, বরং সেরা হচ্ছে পুরো সফরটা।’

যে পোস্টে কান্নার ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। তার থেকেই আরও বেড়েছে মেসির অবসর জল্পনা।

লম্বা, আবেগপূর্ণ পোস্টে মেসি আরও লিখেছেন, ‘এই দলের সঙ্গে কাটানো প্রত্যেকটা দিন, একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, খারাপ সময় কাটিয়ে ওঠা, প্রত্যেক পদক্ষেপ উপভোগ করা। আমার সকল সতীর্থকে ধন্যবাদ। কোচিং স্টাফেদের ধন্যবাদ আর যে সমস্ত মানুষ প্রত্যেক দিন পরিশ্রম করেন যাতে এই দল একটা পরিবার হয়ে থাকতে পারে, তাদের সকলকে ধন্যবাদ। ফাইনালে যাই বোক না কেন, এই দল এমন একটা গল্প লিখেছে যেটা কোনওদিনই ভুলব না। কেউ কোনওদিন মুছে দিতে পারবে না। চলো আর্জেন্তিনা।’

আর্জেন্তিনার অধিনায়কের প্রাপ্তির ভাঁড়ার উপচে পড়ছে। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফাইনালিসিমা, অলিম্পিক্সে সোনা, ব্যালঁ ডি ওর, ক্লাবের জার্সিতে বিশ্বের প্রায় সমস্ত ট্রফি। ফুটবল মাঠকে সমৃদ্ধ করেছে তাঁর প্রতিটি পাস, গোল, শিল্পের কারিকুরি। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে তিনি যে এভাবে জ্বলে উঠবেন, অনেকে ভাবতে পারেননি। ৮ গোল, চারটি গোলে সহায়তা। স্বপ্নের বিশ্বকাপ কেটেছে মেসির।

তাঁর পোস্টে সতীর্থ রদ্রিগো দে পল কমেন্ট করেছেন, ‘স্মৃতিতে, আবেগে ভরা ৫০ দিন, যা ইতিহাস হয়ে থেকে যাবে।’ লিয়ান্দ্রো পারেদেস লিখেছেন, ‘আরেকটা স্বপ্নপূরণের জন্য সকলে মিলে একসঙ্গে।’ ক্রিস্তিয়ান রোমেরো লিখেছেন, ‘আরেকবার শেষ দিবন পর্যন্ত জাতীয় পতাকার রং অক্ষুণ্ণ রাখার জন্য।’ লিসান্দ্রো মার্তিনেজ় লিখেছেন, ‘প্রত্যেকে সর্বস্ব দিচ্ছে দলের জন্য। প্রথম দিন থেকে যেমন ছিলাম, সেরমকই আর একবার…’- আনন্দবাজার পত্রিকা