কানাডায় শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার অনলাইন পদ্ধতিত পরিবর্তন আনছে দেশটির সরকার। আগামী ৩ নভেম্বর থেকে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) পোর্টালে নতুন আবেদনপ্রক্রিয়া চালু হবে। এতে অসম্পূর্ণ আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নতুন কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং আগে দেওয়া তথ্য পর্যালোচনা করতে হবে।
কানাডার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, নতুন ব্যবস্থার আগে বর্তমান পদ্ধতিতে আবেদন সম্পন্ন করতে চাইলে ২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে (কানাডার পূর্বাঞ্চলীয় সময়) আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া হলে নতুন পদ্ধতির কারণে অতিরিক্ত তথ্য দিতে হবে না, যদি না আইআরসিসি আলাদাভাবে তা চায়।
যারা আইআরসিসির অনলাইন পোর্টালে শরণার্থী আবেদনের কাজ শুরু করেছেন, কিন্তু ২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে তা জমা দিতে পারবেন না, তাঁদের নতুন পদ্ধতিতে আবেদন সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে আগে দেওয়া ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে। তবে আবেদনকারীদের নতুন প্রশ্নের উত্তর দিতে হবে এবং আগের দেওয়া তথ্যগুলো পর্যালোচনা করতে হবে।
অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন জমা দেবেন, তাদের শুধু নতুন পদ্ধতি চালুর কারণে আবার আবেদন করতে হবে না। তবে প্রয়োজন হলে ইমিগ্রেশন বিভাগ অতিরিক্ত তথ্য চাইতে পারবে।
কানাডার সীমান্তে দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) মাধ্যমে আবেদন শুরু করা ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম রয়েছে। তারা আবেদনটি আইআরসিসির পোর্টাল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে নতুন প্রশ্নের উত্তর দিতে হবে এবং আগের তথ্য পর্যালোচনা করতে হবে।
আর যাদের সীমান্তে আবেদন শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে পোর্টাল অ্যাকাউন্টের সঙ্গে আবেদন যুক্ত করা হয়নি, তাদের আগে সংগৃহীত তথ্য সংরক্ষিত না-ও থাকতে পারে। সে ক্ষেত্রে নিজের ও পরিবারের তথ্য আবার দিতে হবে।
কানাডার শরণার্থী ও অভিবাসন ব্যবস্থার আধুনিকায়নের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে অনলাইন আবেদনপ্রক্রিয়ায় এই পরিবর্তন আনা হচ্ছে। গত ২৬ মার্চ বিল সি-১২ রাজকীয় সম্মতি পাওয়ার পর আইনে পরিণত হয়। আইনটির লক্ষ্য শরণার্থী আবেদনপ্রক্রিয়া আধুনিক করা, যোগ্যতা যাচাইয়ের নিয়ম পরিবর্তন এবং অভিবাসন ব্যবস্থাপনায় তথ্য আদান-প্রদান উন্নত করা। নতুন অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাইয়ের প্রক্রিয়া আরও কাঠামোবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কানাডার অভিবাসন বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, নতুন পদ্ধতি চালুর ফলে অসম্পূর্ণ আবেদনকারীদের অতিরিক্ত কিছু ধাপ অনুসরণ করতে হলেও আগে থেকে দেওয়া ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে-যদি আবেদনটি আইআরসিসির পোর্টালে শুরু করা হয়ে থাকে। সূত্র: ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)।



















