যুক্তরাষ্ট্রে ভিসা ও ওয়ার্ক পারমিট করিয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে হিউস্টনে এক ইমিগ্রেশন আইনজীবীর বিরুদ্ধে ফেডারেল মামলা হয়েছে।
অভিযুক্ত রাশিয়ান বংশোদ্ভূত আইনজীবীর নাম আল্লা নোভোইয়েভস্কি (৪৪)। তাঁর বিরুদ্ধে মেইল জালিয়াতি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযোগপত্র দাখিল করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অফিস।
অভিযোগে বলা হয়েছে, অভিবাসনসংক্রান্ত আবেদন জমা দেওয়া, ওয়ার্ক পারমিটের অবস্থা পরিবর্তন এবং কর্মসংস্থানভিত্তিক ভিসা পেতে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অর্থ নেন।
তবে প্রসিকিউটরদের দাবি, অর্থ নেওয়ার পর তিনি কয়েকজনের আবেদন জমা দেননি। আবার কিছু আবেদন জমা দিলেও সেগুলো ছিল অসম্পূর্ণ।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মেইল জালিয়াতি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।
যুক্তরাষ্ট্রে ভিসা ও ওয়ার্ক পারমিটের জন্য আইনজীবীর সহায়তা নেওয়ার ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার গুরুত্ব আবারও সামনে এসেছে। সংবাদসুত্র ইউএসসিআইএস



















