২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

নিউইয়র্কে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্তদের অনুষ্ঠানে তারেক রহমানের সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসায় সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস

নিউইয়র্কে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্তদের অনুষ্ঠানে তারেক রহমানের সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসায় সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস

নিউ ইয়র্ক সিটিতে গত মঙ্গলবার মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত একশঅনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্তদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এক অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের প্রত্যাশার বিপরীত বক্তব্য দিয়েছেন বিশেষভাবে আমন্ত্রিত অতিথি, প্রধান আলোচক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস।

উক্ত অনুষ্ঠানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ, গত ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং বাংলাদেশের বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

বিভিন্ন দেশে আওয়ামী লীগের প্রচারণার অংশ হিসেবে ‘ঢাকা কোন পথে: বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচকই ছিলেন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। তাঁর বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থান, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা উঠে আসে, যা অনুষ্ঠানে উপস্থিত দলটির নেতাকর্মীদের জন্য একেবারে অপ্রত্যাশিত ছিল।

বহুদলীয় গণতন্ত্র বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, একটি দেশের মানুষকেই তা বেছে নিতে হয় বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই রাষ্ট্রদূত। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী, ওই আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। তাঁদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। পাশাপাশি উত্তেজিত জনতার হামলায় ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হন। তাঁদেরও স্মরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে ছাদে সংঘর্ষ দেখার সময় নিহত ছয় বছরের শিশুর কথা উল্লেখ করে রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বলেন, তাঁদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে। তাঁর মতে, যেকোনো বক্তব্যের আগে এই বিষয়টি স্মরণ করা উচিত।

গত ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের ফল নিয়ে মতভিন্নতা থাকলেও ভোটের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়ে প্রচলিত বক্তব্যেরও বিরোধিতা করেন সাবেক এই রাষ্ট্রদূত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে সরে যায়নি। ২০২৬ সালে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের যৌথ তহবিলে ৩০ কোটি ডলার দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচিতে প্রায় ১০ কোটি ডলার অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র।

এটি দেশটির সবচেয়ে বড় দ্বিপক্ষীয় কর্মসূচি এবং এখনো চালু রয়েছে বলে জানান তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছেন, সেটিও প্রশংসা করেন হ্যারি কে টমাস।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা এখন ‘কৌশলগত বাস্তববাদ’ ও ‘বহুমুখী কূটনীতি’ অনুসরণ করছে। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাওয়ার এই নীতিকে তিনি ইতিবাচকভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র মন্ত্রী জ. এ কে আবদুল মোমেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের জ. নুরান নবী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা ছিল জনা বিশেক এর মতো।