দীর্ঘদিনের নিউ ইয়র্ক সিটির বাসিন্দা ও সাবেক ডিআইজি মোহাম্মদ ইসহাকের মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক।
ফাউন্ডেশনের সহসভাপতি লুৎফুর রহমান চুন্নুর শ্বশুর এবং “প্রথম আলো উত্তর আমেরিকা”র লেখক পরিবারের সদস্য ভায়লা সালিনা লিজার বাবা মোহাম্মদ ইসহাক গত ২১ নভেম্বর শনিবার নিউইয়র্কে শেষনিশ্বাস ত্যাগ করেন। একই সঙ্গে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল গাজীর শাশুড়ির মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনাতেও এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে (৭১-২০ রুজভেল্ট অ্যাভিনিউ) মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে মরহুম ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুস সাদেক। মাহফিলে লুৎফুর রহমান চুন্নু, ফাউন্ডেশনের সভাপতি বিপ্লব রাজু সাহা, সাধারণ সম্পাদক সোহেল গাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মৃত্যুকালে মোহাম্মদ ইসহাকের বয়স হয়েছিল ৭৮ বছর।

তাঁর জন্ম ১৯৪৭ সালের ৩১ ডিসেম্বর। কর্মজীবনের শুরুতে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে রেডিও কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাঁকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশ পুলিশে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। তিনি জেলা রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) হিসেবে যোগ দেন। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে তাঁর শেষ পদ ছিল পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি)। চাকরি থেকে পদত্যাগের পর তিনি বিক্রমপুর স্টিল মিলের সঙ্গে যুক্ত হয়ে ইস্পাত শিল্পের ব্যবসা শুরু করেন।
১৯৯১ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং এরপর আর বাংলাদেশে ফিরে যাননি। তাঁর সহধর্মিণী বছর দুই আগে নিউইয়র্কেই পরলোকগমন করেছেন। জনাব ইসহাকের পরিবার দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করছেন। মৃত্যুকালে তিনি তিন সন্তান, নাতি-নাতনি, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও অসংখ্য বন্ধুবান্ধব রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার, ২২ নভেম্বর দুপুরে জানাজার পর সোমবার, ২৩ নভেম্বর তাঁকে সমাহিত করা হয়।










