যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোটাধিকার প্রয়োগ করেছেন পোপ লিও চতুর্দশ। এর মাধ্যমে প্রথম কোনো পোপ হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়েছেন তিনি। শিকাগোতে ডাকযোগে ব্যালট জমা দিয়েছেন পোপ লিও চতুর্দশ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান নিশ্চিত করেছে, নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের বিশ্বাসের ধারাবাহিকতায় ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে পোপ ডাকযোগে তার ভোট দিয়েছেন।
ভ্যাটিকেনের প্রেস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, পোপ লিও আগে রবার্ট প্রিভোস্ট নামে পরিচিত যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হিসেবে ভোট দেয়ার অধিকার প্রয়োগ করেছেন। তবে নির্বাচনে লিও কোন প্রার্থীদের ভোট দিয়েছেন, ভ্যাটিকান তা জানায়নি।
যুক্তরাষ্ট্র ছাড়াও লিও পেরুরও নাগরিক। সেখানে তিনি ২০ বছরেরও বেশি সময় যাজক ও বিশপ হিসেবে বসবাস করেছেন। এছাড়া তিনি ভ্যাটিকানেরও নাগরিক, যেখানে তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, বিদেশে বসবাসকারী নাগরিকরা এমনকি যারা বিদেশি সরকারের হয়ে কাজ করছেন তারাও অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন।
যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেয়া পোপ লিও ইতিহাসের প্রথম আমেরিকান বংশোদ্ভূত পোপ। শিকাগো সান-টাইমসের এক প্রতিবেদনে উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, জন্মসূত্রে পাওয়া নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট পরিচয়ে ইলিনয় স্টেটে ভোটার হিসেবে নিবন্ধিত তিনি। গত ৩ অক্টোবর ব্যালটের জন্য আবেদনও করেছিলেন পোপ।








