১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের ফান্ডরাইজিং ডিনার ২৪ অক্টোবর, লক্ষ‍্য প্রায় দুই মিলিয়ন ডলার

নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের ফান্ডরাইজিং ডিনার ২৪ অক্টোবর, লক্ষ‍্য প্রায় দুই মিলিয়ন ডলার

নিউইয়র্কের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৪ অক্টোবর লাগার্ডিয়া এয়ারপোর্ট মারিয়ট হোটেলে বিশেষ ফান্ডরাইজিং ডিনার আয়োজন করেছে প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজ ও কার্যনির্বাহী কমিটি। অনুষ্ঠানের প্রস্তুতি, উদ্দেশ্য ও বিস্তারিত কর্মসূচি তুলে ধরতে মঙ্গলবার (১৩ অক্টোবর) সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউইয়র্কে ক্রমবর্ধমান মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের পরিধি বাড়াতে জ্যামাইকা মুসলিম সেন্টারের সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের জন্য ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্পৃক্ততা এবং কমিউনিটির সদস্যদের একত্রিত হওয়ার উপযোগী পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রকল্পটি বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

আগামী ২৪ অক্টোবর (শনিবার) বিকেল সাড়ে ৫টায় নিউইয়র্কের ইস্ট এলমহার্স্টে অবস্থিত নিউইয়র্ক লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে বিশেষ তহবিল সংগ্রহ ও নৈশভোজে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় বক্তা শেখ উসমান বিন ফারুকের। অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ইসলামি গবেষক শেখ ড. জাকির আহমেদ, জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রধান ইমাম আবু জাফর বেগ এবং প্রতিষ্ঠানটির পরিচালক ইমাম শামসি আলীকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য জনপ্রতি ২৫০ মার্কিন ডলার এবং চার সদস্যের পরিবারের জন্য এক হাজার মার্কিন ডলার অনুদানের প্রস্তাব রাখা হয়েছে। সংগৃহীত অর্থ জ্যামাইকা মুসলিম সেন্টারের সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন করার কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

এক প্রশ্নের উত্তরে জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. নাজমুল এইচ খান বলেন, সম্প্রসারণের কাজ যে এতো দ্রুত ও ক্রমবর্ধমান হারে বায়বহুল হয়ে উঠবে তা ধারণার অতীত ছিল। কাজ শুরুর আগে যে বাজেট করা হয়েছিল তা বহাল রাখা প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর মুল‍্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায়। পরিকল্পিত কাজ শেষ করতে প্রায় চার লক্ষ ডলারের মধ্যে‍ আরো প্রায় ১.৭ মিলিয়ন ডলার প্রয়োজন।

তারা আশা করেন সবকিছু পরিকল্পনা মতো অগ্রসর হলে এবছর রমজানের আগে নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। এক প্রশ্নের উত্তরে জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি ও স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার বলেন,তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগ শুধু কমিউনিটির একটি ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ধর্মীয়, শিক্ষামূলক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তহবিল সংগ্রহ কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আফতাব মান্নান। জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মোহাম্মদ এম রহমান তুহিন, সভাপতি ডা. নাজমুল এইচ খান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এ ছাড়া তহবিল সংগ্রহ কমিটির সদস্য হিসেবে রয়েছেন আসাবুর রহমান, মুহিবুল ইসলাম, সাইয়্যেদ রহমান লাবু, রশিদ রানা, নাসির উদ্দিন, আজহার হক ও শোয়েব বখত।