আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর নিউইয়র্কে ৪০তম ফোবানা সবঅনুষ্ঠিত হবে। নিউইয়র্ক সিটির কুইন্সের অ্যাস্টোরিয়ায় ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে এ আয়োজনের সঙ্গে রয়েছে এনআরবি অ্যাসোসিয়েশন। আয়োজকদের প্রদত্ত তথ্য অনুযায়ী, এবারের ৪০তম সম্মেলন আয়োজনের দায়িত্বে রয়েছেন ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান এবং ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির আহবায়ক নুরুল আমিন বাবু ও সদস্যসচিব মনজুর কাদের।
নিউইয়র্কে ফোবানা আয়োজনের মূল স্লোগানে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, তিন দিনের সম্মেলনে থাকবে মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা, বিশেষ সেমিনার, সাহিত্য ও কবিতা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, ব্যবসা ও নেটওয়ার্কিং, নারীর ক্ষমতায়ন, অভিবাসনবিষয়ক সেমিনার এবং নতুন প্রজন্মের জন্য বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ আয়োজন। উত্তর আমেরিকায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রবাসীদের সম্মাননাও দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নিউইয়র্কের আয়োজকেরা বিশেষভাবে বলছেন, দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের শিকড়ের সঙ্গে যুক্ত করাই তাদের অন্যতম লক্ষ্য।
নিউইয়র্কেই উত্তর আমেরিকার সবচেয়ে বড় বাংলাদেশি জনগোষ্ঠীগুলোর একটি বসবাস করে। ফলে লেবার ডে উইকেন্ডে কুইন্সে ফোবানা মানে শুধু একটি কনভেনশন নয়, নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভানিয়াসহ আশপাশের স্টেট থেকে পরিবার ও পরিচিতজনদের মিলনমেলারও সুযোগ।














