১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে কনস্যুলার ফি পরিশোধে নতুন নিয়ম ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে কনস্যুলার ফি পরিশোধে নতুন নিয়ম ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে

গত ১ অক্টোবর থেকে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে স্বশরীরে সেবা নিতে হলে ডেবিট-ক্রেডিট কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে । এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কনস্যুলেটে সরাসরি সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার ও ব্যাংক সার্টিফায়েড চেক গ্রহণ করা হবে না। পাশাপাশি নগদ অর্থ বা অন্য কোনো পদ্ধতিতেও কনস্যুলার ফি পরিশোধ করা যাবে না।

তবে ডাকযোগে আবেদনকারীদের জন্য আগের নিয়মই বহাল থাকবে। ডাকযোগে পাঠানো আবেদনের ফি মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফায়েড চেকের মাধ্যমে পরিশোধ করা যাবে।

অর্থাৎ, নতুন এই নিয়ম শুধু কনস্যুলেটে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ডাকযোগে আবেদনকারীদের ফি পরিশোধের পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

কনস্যুলেট জেনারেল সেবাগ্রহীতাদের কনস্যুলেটে আসার সময় একটি বৈধ ও সক্রিয় ডেবিট অথবা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কনস্যুলার সেবাকে আরও আধুনিক, দক্ষ ও সময়োপযোগী করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন পদ্ধতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।