যুক্তরাষ্ট্রে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে মুসলিম জনসংখ্যা। আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রে ইহুদি ধর্মাবলম্বীদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে ইসলাম এবং খ্রিস্টধর্মের পর ইসলামই হবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে মুসলিম সম্প্রদায়ের ক্রমবর্ধমান উপস্থিতি ও জনমিতিক পরিবর্তনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
পিউ রিসার্চের দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ইহুদি জনগোষ্ঠী, যা দেশটির মোট বয়স্ক জনসংখ্যার প্রায় ২ শতাংশ। তবে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার অন্য সব ধর্মীয় গোষ্ঠীর চেয়ে অনেক বেশি গতিশীল।
২০১৭ সালে যেখানে যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ৩৪ লাখ ৫০ হাজার (মোট জনসংখ্যার প্রায় ১.১ শতাংশ), সেখানে প্রক্ষেপণ (Projection) অনুযায়ী ২০৪০ সালের আগেই তা ইহুদিদের সংখ্যাকে অতিক্রম করবে। সংস্থাটির পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, ২০৫০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৮১ লাখে পৌঁছাবে, যা সামগ্রিক জনসংখ্যার প্রায় ২.১ শতাংশে উন্নীত হবে।
জনসংখ্যা বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের দ্রুত বৃদ্ধির পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে। প্রথমত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিম অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে আগমন এবং দ্বিতীয়ত, এই জনগোষ্ঠীর মানুষের গড় বয়স তুলনামূলক কম হওয়ায় জাতীয় গড়ের চেয়ে তাদের জন্মহার বেশি। নিউজার্সিসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ইতিমধ্যে মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্য হারে দৃশ্যমান। বিশ্লেষকদের মতে, সংখ্যাগত এই পরিবর্তন ভবিষ্যৎ আমেরিকার সমাজ, সংস্কৃতি এবং রাজনীতিতে মুসলিম সম্প্রদায়ের প্রভাব ও অংশগ্রহণকে আরও সুদৃঢ় করবে। তথ্য সূত্র: Pew Research Center













