২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অর্থনীতি

বাংলাদেশের বৈদেশিক ঋণের কিস্তি বছরে ৭.৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, নতুন কৌশলে তারেক রহমানের সরকার

বাংলাদেশের বৈদেশিক ঋণের কিস্তি বছরে ৭.৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, নতুন কৌশলে তারেক রহমানের সরকার

বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া বিপুল ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ছে বাংলাদেশের ওপর। গত অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধ করেছে তারেক রহমানের সরকার। আগামী বছরগুলোতে এই পরিশোধের পরিমাণ বছরে ৫.৫ বিলিয়ন ডলারে এবং পরবর্তী সময়ে ৭.৬ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

এ পরিস্থিতিতে ঋণের উৎস বহুমুখীকরণ, দেশীয় বন্ডবাজারের উন্নয়ন, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কৌশল নিচ্ছে সরকার।

গত সোমবার (১৬,নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল তিতুমীর এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব তুলে ধরে তিতুমীর বলেন, ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব নেওয়ার পর ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সংঘাতের কারণে বাংলাদেশের আনুমানিক ৪.১২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এ ক্ষতির দায় বাংলাদেশের নাগরিকদের বহন করতে হচ্ছে, যদিও এর জন্য তারা দায়ী নন।

তিনি বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে উন্নয়নশীল দেশগুলো যে আর্থিক চাপের মুখে পড়ছে, আন্তর্জাতিক আলোচনায় সেই বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। এ বিষয়গুলো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সামনে তুলে ধরতে আইডিএ-২১ সম্মেলন ও আগামী বছরের জি-২০ সম্মেলনকে কাজে লাগানোর চেষ্টা করছে বাংলাদেশ।

সরকার দায়িত্ব নেওয়ার পর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে বাজেট ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নেওয়া বন্ধ এবং বাজারভিত্তিক ঋণের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

তিতুমীর বলেন, ‘মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ থেকে কমতে শুরু করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার এক বছর আগের প্রায় ১২ শতাংশ থেকে কমে ৮ শতাংশে নেমেছে।’

দেশীয় মুদ্রায় সরকারি সিকিউরিটিজের মেয়াদ বাড়িয়ে ঋণ পরিশোধের ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের স্থানীয় মুদ্রার সরকারি বন্ড জেপি মরগানের উদীয়মান বাজারের সরকারি বন্ড সূচকে অন্তর্ভুক্ত হওয়ায় আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিতুমীর বলেন, ঋণ ব্যবস্থাপনায় সরকারের কৌশলের দুটি প্রধান ভিত্তি হচ্ছে জাতীয় মালিকানা ও বিশ্বাসযোগ্যতা। এ লক্ষ্যে নিজস্ব মধ্যমেয়াদি ঋণ কৌশল, বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা হচ্ছে। একইসঙ্গে ঋণের তথ্য প্রকাশ, স্বচ্ছতা, জবাবদিহি ও ঋণদাতাদের সঙ্গে দায়িত্বশীল সম্পর্ককে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজস্ব আদায় বাড়ানোকে ঋণ ব্যবস্থাপনার অন্যতম প্রধান সংস্কার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৬.৬৭ শতাংশ। আগামী পাঁচ বছরে এ অনুপাত অন্তত ২ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর লক্ষ্য রয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী, কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এজন্য রাজস্ব আদায় ডিজিটাল করা, কর ফাঁকির সুযোগ বন্ধ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আনুষ্ঠানিক ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঋণ ব্যবস্থাপনার জন্য একটি শক্তিশালী ও পেশাদার ডেট ম্যানেজমেন্ট অফিস গঠনের পরিকল্পনা রয়েছে। এ প্রতিষ্ঠানকে কার্যকর করতে আধুনিক পাবলিক ডেট অ্যাক্ট প্রণয়নের বিষয়টিও বিবেচনা করছে সরকার। একইসঙ্গে আমলাতন্ত্রের ব্যাপক সংস্কারের উদ্যোগ আগামী বছর শুরু করার পরিকল্পনা রয়েছে।

ঋণ ব্যবস্থাপনার নতুন কৌশলে দেশীয় ও বৈদেশিক ঋণের মধ্যে ভারসাম্য, স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণের সমন্বয় এবং সহজ শর্তের ঋণের পাশাপাশি বাজারভিত্তিক অর্থায়নের ঝুঁকি বিবেচনা করা হচ্ছে।

দেশীয় বন্ডবাজার গভীর করার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ব্লেন্ডেড ফাইন্যান্স, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও বিভিন্ন ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারি অর্থায়নের উৎস বাড়াতে সুকুক বা ইসলামি বন্ড ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব অর্থায়ন ব্যবস্থার ব্যয়, ঝুঁকি ও ভবিষ্যৎ দায় যথাযথভাবে মূল্যায়নের ওপর জোর দেন তিতুমীর।

ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার ঘানি বলেন, বাংলাদেশকে শুধু প্রচলিত উন্নয়ন সহযোগীদের ঋণের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সম্পদ ব্যবস্থাপক, সার্বভৌম সম্পদ তহবিল, এনডাওমেন্ট ফান্ড এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকেও অর্থায়নের সুযোগ খুঁজতে হবে।

বৈশ্বিক পুঁজির অন্তত ৯০ শতাংশের নতুন উৎসের সঙ্গে বাংলাদেশের এখনো কার্যকর সংযোগ তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বন্ডের একটি স্বচ্ছ মূল্য নির্ধারণের মানদণ্ড (বেঞ্চমার্ক) তৈরি হলে ভবিষ্যতে সিটি বন্ড, সুকুক ও অবকাঠামো প্রকল্পের বিপরীতে সিকিউরিটাইজেশনের মতো নতুন অর্থায়নের পথ খুলবে। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন এবং প্রতি তিন মাস অন্তর ঋণ ব্যবস্থাপনা ও সংস্কারের অগ্রগতি নিয়ে জনসমক্ষে প্রতিবেদন প্রকাশের পরিকল্পনার কথাও জানান তিনি।

তানভীরের মতে, আইএমএফ ও বিশ্বব্যাংকের ঋণ টেকসই বিশ্লেষণ কাঠামো ঋণ নেওয়া সম্ভব কি না, তা নির্ধারণে সহায়তা করে; কিন্তু সেই ঋণ নেওয়া কতটা যৌক্তিক বা জনগণের জন্য কতটা সুফল বয়ে আনবে, সেই সিদ্ধান্ত ও ব্যাখ্যার দায়িত্ব সরকারের।

সম্মেলনের সমাপনী বক্তব্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালক চিগডেম আকিন বলেন, বাংলাদেশের সীমিত রাজস্ব আহরণ, ঋণ পরিশোধের ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় সরকারি অর্থব্যবস্থার ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পর্যাপ্ত আর্থিক সুরক্ষা (ফিসকাল বাফার) ও অপ্রত্যাশিত বৈশ্বিক ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা থাকা জরুরি।

তিনি বলেন, টেকসই ঋণ ব্যবস্থাপনার জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো, ঋণের স্বচ্ছ তথ্য প্রকাশ, দেশীয় বন্ডবাজারের উন্নয়ন ও ঋণের উৎস বহুমুখীকরণের পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি ব্যয়ে শৃঙ্খলা, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনার উন্নয়ন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এডিবি বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান শক্তিশালী করা, রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার এবং দেশীয় পুঁজিবাজারের গভীরতা বাড়াতে অর্থায়ন ও কারিগরি সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সুপারিশ

সম্মেলনের দুই দিনের আলোচনা ও সাতটি অধিবেশনের সারসংক্ষেপ তুলে ধরে অর্থ বিভাগের যুগ্ম সচিব মেহেদী মাসুদুজ্জামান বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে অর্থায়নের উৎস বহুমুখীকরণ, রাজস্ব আদায় বৃদ্ধি ও টেকসই ঋণ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে উঠে এসেছে, আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা, পূর্বানুমানযোগ্য ঋণ গ্রহণ পরিকল্পনা এবং বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ জরুরি। দেশীয় বন্ডবাজারে তারল্য বাড়াতে বেঞ্চমার্ক বন্ড, বাজার সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং কার্যকর দ্বিতীয় পর্যায়ের লেনদেন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অভিজ্ঞতার আলোকে সুকুক বাজার সম্প্রসারণে শক্তিশালী আইনি কাঠামো, বিনিয়োগকারীদের সুরক্ষা, শরিয়াহ তদারকি এবং বাজারের তারল্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

অবকাঠামো ও জলবায়ু প্রকল্পে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্লেন্ডেড ফাইন্যান্স, বহুপক্ষীয় উন্নয়ন সংস্থার গ্যারান্টি ও ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা ব্যবহারের সুপারিশ করা হয়েছে। তবে সরকারি গ্যারান্টি ও ভবিষ্যৎ দায়ের হিসাব যথাযথভাবে প্রকাশ এবং ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন আলোচকেরা।

এ ছাড়া ঋণ ব্যবস্থাপনায় একটি সমন্বিত ডেট ম্যানেজমেন্ট অফিস গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ঋণ গ্রহণ, মধ্যমেয়াদি কৌশল ও ঝুঁকি বিশ্লেষণ এবং ঋণের হিসাব সংরক্ষণ—এই তিনটি কার্যক্রমকে সমন্বিতভাবে পরিচালনার সুপারিশ করা হয়। – দ‍্য বিজনেস স্ট্যান্ডার্ড