২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খাবার থেকে শুরু করে ওষুধ, বাড়তি ব্যয়ের চাপে বাংলাদেশের পরিবারগুলো

বাংলাদেশের রাজধানীর মিরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাবিবুর রহমানের মাসিক বেতন ৪৫ হাজার টাকা। পূর্ণকালীন চাকরি করার পরও এই আয়ে তিনি আর নিজের পরিবার চালাতে পারছেন না। মাস শেষ হওয়ার অনেক আগেই তাঁর বেতনের টাকা ফুরিয়ে যাচ্ছে, ফলে কেবল মৌলিক চাহিদাগুলো মেটাতেই তিনি প্রতিমাসে ধারকর্য বা ঋণের জালে জড়িয়ে পড়ছেন।

মা, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে চার সদস্যের এই সংসার চালাতে হাবিবুরের প্রতি মাসে ৫৫ হাজার টাকারও বেশি খরচ হচ্ছে। এর মধ্যে কেবল বাসা ভাড়াতেই চলে যায় ১৮,০০০ টাকা; আর বাকি টাকা খরচ হয় খাবার, গ্যাস-বিদ্যুৎ বিল, যাতায়াত, সন্তানের পড়াশোনা এবং চিকিৎসা ব্যয়ে। ফলে প্রতি মাসে তাঁর অন্তত ১০,০০০ টাকা ঘাটতি থেকে যাচ্ছে।

হাবিবুর রহমান বলেন, “বেতনের টাকায় এখন আর মাস চালানো সম্ভব হচ্ছে না। ঋণগ্রস্ত হয়ে পড়ছি।” হাবিবুরের এই দুর্দশা কেবল তাঁর একার নয়, বরং পুরো রাজধানী জুড়েই ক্রমবর্ধমান এক সংকটের প্রতিচ্ছবি। খাদ্য, জ্বালানি এবং স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ— মজুরি বৃদ্ধির হারকে অনেক পেছনে ফেলে দেওয়ায়, প্রায় সব আয়ের পরিবারই এখন সঞ্চয় ভাঙতে, ধারকর্জ করতে, পুষ্টিকর খাবার কমাতে এবং জরুরি চিকিৎসা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিপরীতে মানুষের আয় স্থবির হয়ে পড়লে মূল্যস্ফীতি অত্যন্ত ধ্বংসাত্মক রূপ নেয়। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, “ব্যয় বাড়ার সাথে সাথে যদি মানুষের আয়ও একই হারে বাড়ত, তবে এটি এত বড় সমস্যা হয়ে দাঁড়াত না। মানুষ এখন কেবল টিকে থাকার জন্যই সঞ্চয় ভাঙছে বা ঋণ নিচ্ছে।”

দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি এই চাপকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে যাতায়াত ব্যয় বাড়িয়ে দিয়ে এটি সরাসরি পারিবারিক বাজেটে আঘাত হানছে; অন্যদিকে কৃষি, শিল্পোৎপাদন ও পণ্য পরিবহনের ব্যয় বাড়িয়ে পরোক্ষভাবে পণ্যের দাম বাড়াচ্ছে—যার পুরো বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ঘাড়েই চাপছে।

খাবার কিনব নাকি ঘরভাড়া দেব’

জীবনযাত্রার এই চাপ সবচেয়ে তীব্র হয়ে উঠেছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও নিম্ন-আয়ের পরিবারগুলোর ওপর। টিকে থাকার লড়াইয়ে তাঁদের অনেকেই খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছেন এবং চিকিৎসা ও যাতায়াত খরচে কাটছাঁট করছেন।

রিকশাচালক মো. সুরুজ মিয়া মালিকের জমার টাকা পরিশোধের পর দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন—যা দিয়ে ছয় সদস্যের সংসার চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে তাঁর জন্য। তিনি বলেন, “প্রতিটি দিন আমাকে এই দুশ্চিন্তায় পার করতে হয় যে, আয়ের টাকায় খাবার কিনব নাকি ঘরভাড়া দেব।”

নিত্যপ্রয়োজনীয় খাবার ও আমিষ এখন বিলাসিতা

ঢাকার খুচরা বাজারগুলোতে অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যগুলোও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মগবাজারের একটি চায়ের দোকানে বসে রিকশাচালক লতিফ মিয়া জানান, মাত্র দুই সপ্তাহ আগেও ছোট যে পাউরুটির দাম ছিল ১০ টাকা, এখন তা ১৫ টাকায় বিক্রি হচ্ছে। পোশাক শ্রমিক হাজেরা বেগমের জন্য তাঁর সন্তানদের স্কুলের টিফিনের জন্য দুটি বিস্কুট কেনাও এখন বড় সংগ্রামের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, ছোট প্যাকেটের পাউরুটি প্রায়ই উৎপাদকের নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে, বেশ কিছু কোম্পানি ‘শ্রিঙ্কফ্লেশন’ বা দাম অপরিবর্তিত রেখে গোপনে পণ্যের ওজন কমিয়ে দেওয়ার কৌশল বেছে নিয়েছে।

ইস্কাটনের বাসিন্দা শাহজাহান সাজু জানান, উৎপাদনকারীরা ক্রেতাদের কোনো কিছু না জানিয়েই প্যাকেটের আকার ছোট করে ফেলছে। তিনি বলেন, “চিপস, চানাচুর ও মসলার অনেক প্যাকেট বাইরে থেকে দেখে ভরা মনে হলেও খোলার পর দেখা যায় ভেতরের অনেকটাই খালি।”

ময়দা, চিনি, ভোজ্যতেল ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে গত অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি—বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়িয়েছে। সমিতির সভাপতি জালাল উদ্দিন জানান, গত ছয় মাসে এখাতের মোট উৎপাদন ব্যয় অন্তত ৩০ শতাংশ বেড়ে গেছে, আর গ্যাস ও বিদ্যুতের অব্যাহত সংকটের কারণে তা আরও বাজে রূপ নিয়েছে।

দুগ্ধজাত ও আমিষজাতীয় পণ্যের দামও একই পথে হেঁটেছে। প্যাকেটজাত পাস্তুরিত তরল দুধের দাম বেড়েছে। গত অক্টোবরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটাসহ অন্যান্য কোম্পানি এক লিটার তরল দুধের প্যাকেটের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১০–১১৫ টাকা নির্ধারণ করেছে।

এ ছাড়া ব্রয়লার মুরগি কেজিপ্রতি প্রায় ২০০ টাকা এবং ডিম ডজনপ্রতি ১৫০ টাকায় বিক্রি হওয়ায়—অনেক পরিবারই তাদের দৈনন্দিন আমিষ গ্রহণের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছে।

রান্নাঘরের গণ্ডি ছাড়িয়েছে মূল্যস্ফীতির চাপ

খাদ্যবহির্ভূত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও পারিবারিক বাজেটে বড় চাপ তৈরি করছে, যার ফলে ক্রেতারা ছোট প্যাকেট কেনার দিকে বা সস্তা বিকল্প পণ্যের দিকে ঝুঁকছেন।

মগবাজারের বাসিন্দা নাজমুন নাহার গত সেপ্টেম্বরের শুরুতে ১ কেজি রিন ডিটারজেন্ট পাউডারের প্যাকেট কিনেছিলেন ১৮০ টাকায়; কিন্তু ১৫ নভেম্বরের মধ্যে এর দাম বেড়ে ২০০ টাকায় দাঁড়িয়েছে। এক মাসের ব্যবধানে একটি ছোট লাক্স সাবানের দাম ৫৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে, আর শীতের প্রয়োজনীয় অনুষঙ্গ ৫০০ গ্রামের নিভিয়া লোশনের বোতল গত বছরের ১,২৫০ টাকা থেকে বেড়ে এখন স্বপ্ন সুপারশপে ১,৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

চিকিৎসা ব্যয় বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

চলমান এই অর্থনৈতিক সংকটের সবচেয়ে উদ্বেগজনক প্রভাব পড়েছে জনস্বাস্থ্যের ওপর। অক্টোবর ও নভেম্বর মাসের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মূল্যতালিকা তুলনা করে টিবিএস দেখেছে যে, গত তিন মাসে শত শত ওষুধের দাম ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এ জেড এম জাকির হোসেন ওষুধ উৎপাদনের খরচ অন্তত ৩০ শতাংশ বেড়ে যাওয়ার কথা জানিয়ে দাবি করেন, খুচরা পর্যায়ে দাম খুব সামান্য এবং কেবল নির্দিষ্ট কিছু ওষুধের ক্ষেত্রেই বেড়েছে।

তবে মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত পরিবারগুলোর জন্য সামান্য এই মূল্যবৃদ্ধিও বহন করা কঠিন হয়ে পড়েছে। বেসরকারি চাকরিজীবী আসাদুল ইসলাম—যাঁর মায়ের বারডেম হাসপাতালে নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয়—জ্বালানি খরচ বাঁচাতে মোটরসাইকেল চালানো বাদ দিয়ে এখন লোকাল বাসে যাতায়াত করছেন। তিনি বলেন, “আমার আর্থিক কষ্ট দেখে মা এখন আর ডাক্তারের কাছেই যেতে চান না।”

স্থবির মজুরি বাড়িয়েছে ঝুঁকি

মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দেওয়ায় দেশজুড়ে অর্থনৈতিক ঝুঁকি দ্রুত ছড়িয়ে পড়ছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) ‘স্টেট অব দ্য রিয়েল ইকোনমি-২০২৬’ শীর্ষক গবেষণায় বিশ্লেষিত এক জাতীয় জরিপে দেখা গেছে, ২০২৫ সালে দেশের ২৭.৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছিলেন, আর আরও ১৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার ওপরে থাকলেও—যেকোনো সময় দরিদ্র হয়ে পড়ার চরম ঝুঁকিতে ছিলেন।

আয়ে সামান্য কোনো ব্যাঘাত, অসুস্থতা কিংবা নিত্যপণ্যের আরেক দফা মূল্যবৃদ্ধি—এসব পরিবারকে চরম বিপদের মুখে ঠেলে দিতে পারে। দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতিরও অবনতি ঘটছে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) এবং এর অংশীদারদের ২০২৬ সালের এক বিশ্লেষণে দেখা গেছে, মে থেকে আগস্ট মাসের মধ্যে বিশ্লেষণের আওতায় থাকা বাংলাদেশের জনগোষ্ঠীর ১৫ শতাংশ বা প্রায় ১ কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন।

সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ের প্রাক্কলনে বলা হয়েছে, এই সংখ্যা বেড়ে ১ কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে, যার মধ্যে প্রায় ৭ লাখ ৮৭ হাজার মানুষ জরুরি মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকবেন।

চাহিদা কমায় বিপাকে ব্যবসায়ীরা

পরিবারগুলো খরচ কমিয়ে দেওয়ায় এর নেতিবাচক প্রভাব পুরো সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) ছড়িয়ে পড়েছে, যার ফলে পাইকারি বিক্রেতা, উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়ছেন।

কারওয়ান বাজারের কাঁচাবাজারের চাঁদপুর স্টোরের মালিক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, গত এক মাসে তাঁর দোকানের বিক্রি অন্তত ৩০ শতাংশ কমে গেছে। যেসব খুচরা বিক্রেতা আগে সপ্তাহে দুবার মালপত্র কিনতেন, তাঁরা এখন সপ্তাহে একবার—কিংবা পনেরো দিনে একবার আসছেন।

উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ভোক্তাদের চাহিদা কমে যাওয়ার দ্বিমুখী চাপে পড়েছেন শিল্পোদ্যোক্তারা। প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, যুদ্ধের কারণে বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং দেশে গ্যাস-বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায়—প্রায় সব ধরনের পণ্যের বিক্রির পরিমাণ কমে গেছে। তিনি বলেন, “ভোক্তাদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে আমরা সব পণ্যের দাম বাড়াতে পারিনি। আমরা বেশিরভাগ পণ্য লোকসানে এবং কিছু পণ্য ন্যূনতম লাভে বিক্রি করছি।”

নাম প্রকাশ না করার শর্তে আরেকটি শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ নির্বাহী জানান, গত দুই বছরে তাঁদের ৫০টিরও বেশি কারখানায় উৎপাদন ১০ থেকে ১৫ শতাংশ কমে গেছে। তিনি বলেন, “দাম বাড়ানোর পরও আমরা লাভ করতে পারছি না।”

একই ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে হোটেল-রেস্তোরাঁ খাতও। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান জানান, খাদ্য উপকরণ, গ্যাস, এলপিজি, বিদ্যুৎ, পানি, দোকান ভাড়া এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় রেস্তোরাঁগুলোতে বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অবশিষ্ট ক্রেতাদের হারানোর ভয়ে বেশিরভাগ রেস্তোরাঁ মালিকই মেন্যুতে খাবারের দাম পুরোপুরি সমন্বয় করতে পারছেন না বলেও জানান তিনি।