২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সাদাত আরেফিন তাসিন

নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সাদাত আরেফিন তাসিন

বাংলাদেশি বংশোদ্ভূত সাদাত আরেফিন তাসিন নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সনদ লাভ করেছেন। নিউইয়র্ক স্টেট বোর্ড অব ল এক্সামিনাস এক অভিনন্দন বার্তায় জানায়, গত ২৮-২৯ জুলাই অনুষ্ঠিত নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সাদাত আরেফিন তাসিন।

একই সাথে তিনি নিউইয়র্ক ল কোর্স, নিউইয়র্ক ল এক্সাম এবং মাল্টিস্টেট প্রফেশনাল রেসপন্সিবিলিটি এক্সামও সফলতার সাথে সম্পন্ন করেছেন। কোর্ট অব আপিলসের নিয়মাবলী (কোর্ট রুলস ৫২০.৭) অনুসারে বোর্ড তাকে অ্যাটর্নি ও কাউন্সেলর হিসেবে ভর্তির জন্য ‘অ্যাপেলেট ডিভিশন, সেকেন্ড ডিপার্টমেন্ট’-এ প্রত্যয়ন করেছে।

এমন খুশির খবর জেনে এক প্রতিক্রিয়ায় আরেফিন তাসিন জানান, এজন্য তিনি খুবই আনন্দিত এবং সব কৃতিত্ব তাঁর বাবা ও মায়ের। তবে তিনি বিশ্বের যেখানেই থাকুন না কেন, বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চান।

জ্ঞানার্জনের তীব্র আকাঙ্ক্ষা, ধৈর্য ও নিরলস প্রচেষ্টায় নিউইয়র্কের মর্যাদাপূর্ণ সেন্ট জনস ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে সম্প্রতি জুরিস ডক্টর (জেডি) ডিগ্রি অর্জন করেন তাসিন।

সাদাত আরেফিন তাসিন ১৯৯৯ সালের আগস্ট মাসে বরিশাল শহরের কলেজ রোডে মাতুলালয়ে (নানাবাড়ি) জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা। মাত্র ৪ বছর বয়সে বাবা-মায়ের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তাসিন। সেখানে কৃতিত্বের সাথে স্কুল ও কলেজের পাঠ চুকিয়ে তিনি আইন বিষয়ে উচ্চতর এই ডিগ্রি অর্জন করেন।

সন্তানের এমন গৌরবোজ্জ্বল অর্জনে পিতা হাবিবুর রহমান সেলিম রেজা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাসিনের এই সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে এবং সবাই তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।