১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

অননুমোদিত অভিবাসনের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ির দাম ও ভাড়া বেড়েছে, গবেষণায় জানা গেছে

অননুমোদিত অভিবাসনের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ির দাম ও ভাড়া বেড়েছে, গবেষণায় জানা গেছে

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এর আমলে (২০২১–২০২৪) যুক্তরাষ্ট্রে আনডকুমেন্টেড অথাৎ বৈধভাব বসবাসের জন্য অননুমোদিত অভিবাসন বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন শহরে বাড়ির দাম ও ভাড়া বেড়েছে বলে একটি নতুন গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে।

গবেষণাটি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ডালাস -এর অর্থনীতিবিদ ড্যানিয়েল জে উইলসন এবং জিয়াওকিং জো প্রস্তুত করেছেন।

তবে এটি এখনও একটি প্রাথমিক যাচাই , অর্থাৎ চূড়ান্ত গবেষণা নয় এবং এতে প্রকাশিত মতামত ডালাস ফেডের আনুষ্ঠানিক অবস্থানও নয়।

গবেষণার মূল ফলাফল অনুযায়ী:

* ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে গড়ে একটি মেট্রো এলাকায় বাড়ির দাম ৬.৬% এবং ভাড়া ৪.৩% বেড়েছে, যার সঙ্গে অননুমোদিত অভিবাসনের সম্পর্ক পাওয়া গেছে।

* একই সময়ে সামগ্রিকভাবে বাড়ির দাম ২২.৪% এবং ভাড়া ২২.৬% বেড়েছে।

* গবেষকদের হিসাব অনুযায়ী, বাড়ির দামের মোট বৃদ্ধির প্রায় ৩০% এবং ভাড়া বৃদ্ধির প্রায় ২০% এই অভিবাসনজনিত অতিরিক্ত চাহিদা দ্বারা ব্যাখ্যা করা যায়।

বর্তমান প্রেসিডেন্ট Donald Trump এই গবেষণার উদ্ধৃতি দিয়ে দাবি করেন যে অবৈধ অভিবাসনের কারণে বাড়ির দাম ৩০% বেড়েছে। তবে গবেষণাটি আসলে তা বলেনি। গবেষণায় বলা হয়েছে, মোট মূল্যবৃদ্ধির প্রায় ৩০% অভিবাসনের কারণে হয়েছে, কিন্তু বাড়ির দাম ৩০% বেড়েছে এমন দাবি করা হয়নি।

গবেষকদের মতে, যুক্তরাষ্ট্রে প্রায় ৭ মিলিয়ন অননুমোদিত অভিবাসীর আগমনে এমন সময়ে আবাসনের চাহিদা বেড়ে যায়, যখন নতুন বাড়ি নির্মাণ দ্রুত বাড়ানো সম্ভব ছিল না। ফলে সীমিত সরবরাহের কারণে দাম ও ভাড়া বৃদ্ধি পায়।

অন্যদিকে, গবেষণায় আরও বলা হয়েছে যে এই অভিবাসীরা স্থানীয় শ্রমবাজারে কর্মসংস্থানও বাড়িয়েছে এবং মজুরির ওপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি।

অর্থনীতিবিদ জ্যাক কিমেল বলেন, অর্থনীতির সাধারণ ডিমান্ড-সাপ্লাই কিংবা চাহিদা-সরবরাহের নিয়ম অনুযায়ী, স্বল্প সময়ে জনসংখ্যা বাড়লে এবং নতুন আবাসন দ্রুত তৈরি না হলে বাড়ির দাম বাড়া স্বাভাবিক। তবে দীর্ঘমেয়াদে যদি পর্যাপ্ত নতুন বাড়ি নির্মাণ হয়, তাহলে এই প্রভাব কমে যেতে পারে।

সবশেষে তিনি উল্লেখ করেন, গবেষণাটি দেখায় যে অভিবাসন বাড়ির দামে কিছুটা প্রভাব ফেলেছে, কিন্তু বাড়ির মূল্যবৃদ্ধির প্রধান কারণ এটি একাই নয়। সুদের হার, আবাসনের ঘাটতি, নির্মাণ ব্যয় এবং অন্যান্য অর্থনৈতিক কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।