১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে সঙ্গে নিতে অনীহা রিপাবলিকানদের, ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প

নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে সঙ্গে নিতে অনীহা রিপাবলিকানদের, ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে যে লড়াইগুলো তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, সেগুলোতে লড়াই করা রিপাবলিকান প্রার্থীরা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নির্বাচনী প্রচারণায় নামতে খুব একটা আগ্রহী নন—তা এখন পরিষ্কার হয়ে উঠেছে।

গত মাসে ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচন সংক্রান্ত সম্মেলনে তাদের খুব কম সংখ্যকই উপস্থিত ছিলেন। এরপর থেকে তার সফরের তালিকায় আশ্চর্যজনকভাবে আলাবামা, ওকলাহোমা এবং নিউইয়র্কের মতো কম গুরুত্বপূর্ণ স্টেটগুলি প্রাধান্য পেয়েছে, আর সত্যিকারের মূল ক্ষেত্রগুলোর মাত্র কয়েকটি জায়গা স্থান পেয়েছে।

এমনকি টেক্সাসেও রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট ট্রাম্পের আসন্ন জনসভা এড়িয়ে যাচ্ছেন। পরিস্থিতির এই গতিপ্রকৃতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে দিন দিন বেশ সংবেদনশীল মনে হচ্ছে—যা স্বাভাবিকও বটে। কারণ নিজের নিম্ন জনপ্রিয়তা সত্ত্বেও, আর চার সপ্তাহেরও কম সময়ের মধ্যে একমাত্র তিনিই তার দলকে বিজয়ের দিকে নিয়ে যেতে পারেন—এমন ধারণার ওপর ভর করে বসে আছেন তিনি।

গত মঙ্গলবার (০৬ অক্টোবর) তিনি তার জনসভাগুলো নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং অন্তত পাঁচবার আলাদাভাবে বিষয়টি উত্থাপন করেছেন।

বাল্টিমোরে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যাইহোক, আমি ঘুরে ঘুরে জনসভা করছি। রিপাবলিকান পার্টির জনপ্রিয়তা এবার আকাশচুম্বী হতে শুরু করেছে।’ তিনি আরও বলেন, ‘আজকে কেউ একজন বলল, ‘আমার বিস্ময় জাগে, এমনটা কেন হচ্ছে?’ ঠিক আছে, আমি নেমেছি — আমাকে তো বের হতেই হতো। কাজটা আমাকেই করতে হতো।’

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন তার “জনসভার ভিড় এবং মানুষের উৎসাহ অবিশ্বাস্য!” তিনি আরও বলেন, ‘আমরা সব জায়গার নির্বাচনী লড়াইগুলোর হিসাব-নিকাশ বদলে দিচ্ছি… সবকিছু ঘটছে!’

অন্য আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমার জনসভাগুলো আবারও রিপাবলিকান পার্টিকে রক্ষা করছে!’ সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন না করা সত্ত্বেও তিনি বারবার এই প্রসঙ্গে ফিরে আসেন। একপর্যায়ে তিনি দাবি করেন, জনসভাগুলো পরিস্থিতি সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। – সিএনএন