১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে ইসরায়েলের হামলায় ট্রাম্পের কৌশল নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা থমাস কান্ট্রিম্যান মনে করেন, ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার ফলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। তিনি বলেন, ইসরায়েলের এই ‘অবিবেচক’ পদক্ষেপের মূল ক্ষতির শিকার হবেন সাধারণ জনগণ। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কান্ট্রিম্যান এসব বলেন।

তিনি বলেন, গত ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা থেকে বিরত থাকতে বলে আসছে। কান্ট্রিম্যান বলেন, ডোনাল্ড ট্রাম্পসহ বিগত পাঁচজন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের চাপের মুখেও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

তবে কান্ট্রিম্যান সন্দেহ প্রকাশ করেন, এই সপ্তাহে ইসরায়েলের হামলা নিয়ে ট্রাম্প আদৌ নেতানিয়াহুকে নিরুৎসাহিত করেছেন কি না। বরং তিনি আশঙ্কা করছেন, ট্রাম্প হয়তো ইরানের ওপর আরও হামলার হুমকি দিয়ে আলোচনায় সুবিধা আদায় করতে চাইছেন।

যদি তাই হয়ে থাকে, তবে সেটা হবে খুবই ভুল এবং বিপজ্জনক কৌশল, বলেন কান্ট্রিম্যান। তিনি আরও বলেন, নেতানিয়াহু চাইছেন, ইরান যেন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা স্বার্থে আঘাত হানে। এতে করে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে সরাসরি যুদ্ধে জড়াবে এবং ইসরায়েলের সামরিক অভিযানকে সক্রিয়ভাবে সমর্থন করবে।