যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার প্রত্যয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬’। গত শনিবার ও রোববার (২১ ও ২২ নভেম্বর) ফিলাডেলফিয়া সংলগ্ন আপার ডারবির ঢাকা ক্লাব পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ বইমেলা পরিণত হয় লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও বইপ্রেমীদের প্রাণবন্ত মিলনমেলায়।
পেনসিলভেনিয়া বইমেলা উদ্যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মেলার মূল প্রতিপাদ্য ছিল- একটি মোড়ে গোটা জগৎ পাই, আমরা যদি বইয়ের কাছে যাই। দুই দিনের আয়োজনে ছিল বই প্রদর্শনী, সাহিত্য আলোচনা, কবিতাপাঠ, সংগীত, নাটক, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অংশগ্রহণে বিশেষ আলোচনা।
মেলার আহ্বায়ক ছিলেন কাজী সাখাওয়াত হোসেন এবং সদস্যসচিব ফারুক আহমেদ ভূঁইয়া পলাশ। আয়োজকদের লক্ষ্য ছিল প্রবাসে বাংলা বইয়ের পাঠক তৈরি, সাহিত্যচর্চার প্রসার এবং প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষা ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখা।
গত শনিবার (২১ নভেম্বর) বিকেলে দুই দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সাহিত্যিক আহমাদ মাযহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অধ্যাপক ইমেরিটাস ড. ফারুক সিদ্দিকী।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সমাজসেবক ড. ইবরুল চৌধুরী, আপার ডারবি টাউনশিপের মেয়র এডওয়ার্ড ব্রাউন, মিলবোর্ন বরোর মেয়র মাহাবুবুল তায়েব, জিনা এইচ. কারি পেনসিলভেনিয়া স্টেট রিপ্রেজেন্টেটিভ, ১৬৪তম ডিস্ট্রিক্ট, মোহাম্মদ হোসেন হোসেন মিথুন স্কুল বোর্ড ডাইরেক্টর, আপারডাবী, শিশুসাহিত্যিক ও কবি হুমায়ুন কবীর ঢালী এবং সাহিত্যিক শিব্বির আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিরা।
পেনসিলভেনিয়ার মূলধারার রাজনীতিতে সক্রিয় নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—মিশেল বিলাপস আপার ডারবি টাউনশিপ কাউন্সিল প্রেসিডেন্ট, অ্যাট-লার্জ, ডেভিড ব্যান্টো কাউন্সিলম্যান, আপার ডারবি টাউনশিপের ৬ নম্বর ডিস্ট্রিক্টের কাউন্সিলর হাফিজ জুনিয়র।
এ ছাড়া স্থানীয় মূলধারার রাজনীতির আরও অনেক নির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বইমেলার প্রথম দিন থেকেই বিভিন্ন বইয়ের স্টলে পাঠক ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বাংলা সাহিত্য, ইতিহাস, দেশ ও মানুষ, নারী ও সমাজ, স্মৃতিকথা, জীবনবোধ, চলচ্চিত্র, নাটক ও সংস্কৃতিসহ নানা বিষয়ের বই স্থান পায় মেলায়। বিশেষ করে শিশু-কিশোরদের বাংলা বইয়ের প্রতি আগ্রহ আয়োজকদের উৎসাহিত করে।

সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর প্রথম দিন
শনিবারের অন্যতম আকর্ষণ ছিল ‘বইসহ, বইবিহীন কতটা এগুলো মানুষ’ শীর্ষক সাহিত্য আলোচনা। এতে অংশ নেন আহমাদ মাযহার, শিব্বির আহমেদ, হুমায়ুন কবীর ঢালী ও বদরুজ্জামান আলমগীর।
আলোচনায় বইপড়ার অভ্যাস, প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজে সাহিত্যের প্রয়োজনীয়তা এবং মানুষের মননশীল বিকাশে বইয়ের ভূমিকা নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসে। সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন মুরাদ হোসেন, ঝুমা দাস, বিজয়া সেনগুপ্তা ও জাফর বিল্লাহ।
সন্ধ্যায় ফিলাডেলফিয়ার সাংস্কৃতিক সংগঠন ‘বলাকা’ পরিবেশন করে কবিতা আলেখ্য ‘সমুখে ঘূর্ণি পারাবার’। কবিতা, আবৃত্তি ও শিল্পসম্মত উপস্থাপনার মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়।
বইমেলায় লেখক নাজনীন আখতার পেস্তা রচিত ‘চিরকুট’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সোয়ার্তমোর কলেজের অধ্যাপক ইমেরিটাস ড. ফারুক সিদ্দিকী।

প্রথম দিনের আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ ছিল প্রখ্যাত নাট্যকার মামুনুর রশীদের রচিত নাটক ‘মানুষ’। শিরীন বকুলের পরিচালনায় মঞ্চস্থ নাটকটি দর্শকদের সামনে মানুষের জীবন, সম্পর্ক ও সামাজিক বাস্তবতার নানা দিক তুলে ধরে।
সমাপনী দিনে নতুন প্রজন্মের অংশগ্রহণ
রোববার (২২ নভেম্বর) বিকেলে কবিতাপাঠের আসরের মধ্য দিয়ে বইমেলার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এই আসরে কবিতা পাঠ করেন- নাজমীন আখতার, সোহেলী আহমেদ দীপ্তি, কাউসারী মালেক রোজী, নিজামউদ্দিন, জিয়াউদ্দিন আহমেদ। পরে ‘সারেগামা’র দলীয় সংগীত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
সমাপনী দিনের গুরুত্বপূর্ণ আয়োজন ছিল যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করেন ফাইরুজ আদিবা, ফারিশা জামান, নাশিদা ইয়াসমিন এবং কাজী সোয়াদ তাসিন। বাংলাদেশের বাইরে লা ভাষা ও সংস্কৃতির ভবিষ্যৎ, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে মাতৃভাষার চর্চা এবং নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখার বিষয়গুলো এ আয়োজনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল।
এ পর্বে উপস্থিত ছিলেন উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ ও ডা. ফাতেমা আহমেদ। প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাংলা সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে পরিবার, সামাজিক সংগঠন এবং এ ধরনের বইমেলার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।
সম্পাদকীয় আড্ডা’ : প্রবাসের সাংবাদিকতা ও গণমাধ্যমের চ্যালেঞ্জ
দুই দিনব্যাপী বইমেলার সমাপনী দিনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, প্রতিবেদক, উপস্থাপক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘সম্পাদকীয় আড্ডা’।

সম্পাদকীয় আড্ডায় বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো ইউএসএর সম্পাদক ইব্রাহীম চৌধুরী, টাইম টিভি নিউইয়র্কের সিইও ও বাংলা পত্রিকা নিউইয়র্কের সম্পাদক আবু তাহের এবং টাইম টিভি নিউইয়র্কের পরিচালক সৈয়দ খসরু। বিশেষ আলোচক ছিলেন বিএসিএফের পরিচালক মোহাম্মদ সোলাইমান ইবনে মজিব, ফিলাডেলফিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইসলাম আরিফ ও নিউইয়র্ক ভয়েস বাংলার সম্পাদক নাজমুল হাসান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা নিউজ ফিলাডেলফিয়ার সম্পাদক শেখ মো.খোরশান।
রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এ আড্ডায় উত্তর আমেরিকায় বাংলা গণমাধ্যমের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা হয়। আলোচনায় উঠে আসে বাংলাদেশের বাইরে বাংলা সংবাদপত্রের টিকে থাকার সংগ্রাম, মুদ্রিত পত্রিকার পাঠকসংখ্যা ধরে রাখা, ডিজিটাল সংবাদমাধ্যমের দ্রুত বিস্তার, বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতার সংকট এবং পেশাদার সাংবাদিকতার মান বজায় রাখার প্রয়োজনীয়তা।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও একই সঙ্গে নির্ভরযোগ্যতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বাড়িয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সংবাদ প্রচারের প্রতিযোগিতার মধ্যে তথ্য যাচাই, সঠিক সংবাদ পরিবেশন এবং পাঠকের আস্থা অর্জনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা, অর্জন ও সাফল্য স্থানীয় বাংলা গণমাধ্যমে আরও বেশি তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা মনে করেন, বাংলাদেশী কমিউনিটির পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। তাই কেবল নিজেদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষা, অর্থনীতি, প্রশাসন, নাগরিক অধিকার ও যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
এ ক্ষেত্রে কমিউনিটি সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর সাফল্য ও সমস্যার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার গুরুত্বপূর্ণ ঘটনাবলি বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে তুলে ধরতে হবে।

পাশাপাশি প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা বই ও সংবাদপত্র পৌঁছে দেওয়া এবং তাদের পাঠাভ্যাস গড়ে তোলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। বক্তাদের মতে, বইমেলার মতো সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন শুধু বই কেনাবেচার স্থান নয়; এটি লেখক, পাঠক, সাংবাদিক ও নতুন প্রজন্মের মধ্যে চিন্তা ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
সংগীতের সুরে সমাপনী আয়োজন
সমাপনী দিনের সাংস্কৃতিক আয়োজনে শিল্পী মেহজাবিন জেবার একক সংগীত পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। কবিতা, সংগীত, সাহিত্য আলোচনা ও সাংবাদিকদের প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে রোববার রাত পর্যন্ত চলে বইমেলার কার্যক্রম। দুই দিন ধরে পেনসিলভেনিয়া সহ আশপাশের স্টেট থেকে আসা লেখক, সাহিত্যিক, প্রকাশক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও পাঠকদের উপস্থিতিতে মুখর ছিল মেলা প্রাঙ্গণ।
বইয়ের স্টলে শিশু-কিশোরদের উপস্থিতি, সাহিত্যিকদের সঙ্গে পাঠকদের সরাসরি মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে একটি পারিবারিক ও সামাজিক মিলনমেলায় রূপ দেয়।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, ডাঃ ফাতেমা আহমেদ, সুস্মিত গুহ রায়, কবি আলী সিদ্দিকী, কাউসার মালেক রোজি, ফারহানা আফরোজ চৌধুরী পাপিয়াসহ আরো অনেক বিশিষ্টজন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী শিরিন বকুল ও রুমানা আলম এবং পেনসিলভেনিয়া বইমেলা আয়োজক পরিষদের সদস্যসচিব ফারুক আহাম্মদ ভূঁইয়া পলাশ। তাঁদের প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় দুই দিনব্যাপী বইমেলার বিভিন্ন পর্ব হয়ে ওঠে আকর্ষণীয় ও উপভোগ্য।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মুরাদ হোসেন মোহাম্মদ আজিমউদ্দিন, এম তাফাজ্জল হোসেন , সুবক্তগীন সাকী, মাসুদুল হাসান স্যারোয়ার দ্যানিয়েল, নুরুল ইসলাম , খন্দকার হাসান, নিযামউদ্দীন আহমেদ এবং ডিজে জাফর।
বাংলাদেশের বাইরে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে নতুন প্রত্যাশা
আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের মাটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত করাই বইমেলার প্রধান উদ্দেশ্য।
তাঁদের মতে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তারের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধিও বাড়ানো প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও অর্থবহ হয়ে উঠবে। দুই দিনব্যাপী পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬ শেষ হলেও এর মধ্য দিয়ে প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার বিকাশে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
বইমেলা আবারও মনে করিয়ে দিয়েছে, ভৌগোলিক দূরত্ব যতই হোক, ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বন্ধন প্রবাসী বাংলাদেশিদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখার অন্যতম শক্তি। – ফিলাডেলফিয়া থেকে মোহাম্মদ ইসলাম প্রেরিত










