১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সমুদ্র তলদেশে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল তৈরি করছে নরওয়ে

২০১৮ সালের জানুয়ারিতে এর নির্মাণকাজ শুরু হয়েছিল। প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার (২৫ বিলিয়ন নরওয়েজীয় ক্রোনার) ব্যয়ে ২০৩৩ সালের মধ্যে টানেলটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমাতে এবং দেশের পশ্চিম উপকূল বরাবর একটি ফেরিবিহীন মহাসড়ক গড়ে তুলতে সমুদ্রের তলদেশে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল নির্মাণ করছে নরওয়ে।

২৭ কিলোমিটার দীর্ঘ এই টানেলটির নাম রাখা হয়েছে ‘রগফাস্ট’। এটি নরওয়েজীয় ‘রগাল্যান্ড ফাস্টফরবিনডেলসে’ শব্দের সংক্ষিপ্ত রূপ। টানেলটি যে অঞ্চলে অবস্থিত সেই ‘রগাল্যান্ড’ এবং নরওয়েজীয় ভাষায় ‘স্থায়ী সংযোগ’ শব্দ মিলিয়ে এই নামকরণ করা হয়েছে। এর সবচেয়ে গভীর অংশটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯২ মিটার নিচে অবস্থিত হবে।

২০১৮ সালের জানুয়ারিতে এর নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু সম্ভাব্য ব্যয় অনেক বেড়ে যাওয়ার আশঙ্কায় ২০১৯ সালের শেষের দিকে কাজ বন্ধ হয়ে যায়। ফলে আগের চুক্তিগুলো বাতিল করে প্রকল্পটি নতুন করে সাজানো হয়। পরবর্তী সময়ে ২০২১ সালের শেষ দিকে আবার কাজ শুরু হয়। প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার (২৫ বিলিয়ন নরওয়েজীয় ক্রোনার) ব্যয়ে ২০৩৩ সালের মধ্যে টানেলটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

টানেলটির উত্তর অংশের নির্মাণকাজ করছে বহুজাতিক নির্মাণ প্রতিষ্ঠান স্ক্যানস্কা। ৯ কিলোমিটার দীর্ঘ এই অংশটিই টানেলের সবচেয়ে গভীর জায়গা। প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েন বলেন, ‘স্টাভাঞ্জার ও হাউগেসুন্ড অঞ্চলের মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগ তৈরির মাধ্যমে এই টানেল নরওয়ের পশ্চিম উপকূলীয় অঞ্চলের সংযোগব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।’

টানেলটিতে দুটি পৃথক পথ থাকবে, যার প্রতিটিতে যান চলাচলের জন্য দুটি লেন থাকবে। ছবি: স্কানস্কা

মোয়েন আরও জানান, বর্তমান ফেরি পারাপারের বিকল্প হিসেবে ‘রগফাস্ট’ চালু হলে জনসংখ্যার দিক থেকে নরওয়ের দ্বিতীয় ও চতুর্থ বৃহত্তম শহর বার্গেন ও স্টাভাঞ্জারের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমে যাবে এবং মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে।

কেবল সড়কের যানবাহন চলাচলের উপযোগী করে তৈরি এই টানেলটিতে দুটি আলাদা সুড়ঙ্গ বা টিউব থাকবে, যার প্রতিটিতে থাকবে দুটি করে লেন। তবে টানেলটির মাঝামাঝি স্থানে বেশ ব্যতিক্রমী একটি নকশা যুক্ত করা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের ২৬০ মিটার গভীরে সেখানে একটি ‘ডাবল রাউন্ডঅ্যাবাউট’ বা জোড়া গোলচত্বর থাকবে, যা নরওয়ের ক্ষুদ্রতম পৌরসভা কিটসয় দ্বীপের সংযোগকারী টানেলের সঙ্গে যুক্ত হবে।

নির্মাণাধীন রগফাস্ট হবে বিশ্বের দীর্ঘতম এবং গভীরতম সমুদ্রগর্ভস্থ সড়ক টানেল, যা ২৭ কিলোমিটার দীর্ঘ। ছবি: স্কানস্কা
সমুদ্রের নিচে এত দীর্ঘ সুড়ঙ্গ বা টানেল নির্মাণ করতে গিয়ে বেশ কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অন্য আধুনিক টানেলের মতো ‘রগফাস্ট’-এর কাজও দ্রুত শেষ করতে দুই দিক থেকে একসঙ্গে খননকাজ শুরু হয়েছে। তাদের লক্ষ্য হলো, দুই দিক থেকে আসা শ্রমিকেরা যেন ঠিক মাঝখানে এসে মাত্র ৫ সেন্টিমিটার ত্রুটিসীমায় [মার্জিন অব এরর] মিলিত হতে পারেন।

এত নিখুঁতভাবে কাজ করার জন্য লেজারসহ বিভিন্ন আধুনিক যন্ত্র দিয়ে খুব সাবধানে মাপজোখ করতে হয়। ঘূর্ণায়মান বিশেষ লেজার স্ক্যানার টানেলের খনন করা অংশ স্ক্যান করে এবং প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্য সংগ্রহ করে টানেলের একটি ‘ডিজিটাল টুইন’ বা নিখুঁত ডিজিটাল রূপ তৈরি করে। এরপর কোনো ধরনের ত্রুটি আছে কি না, তা মূল নকশার সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়।

নির্মাণাধীন রগফাস্ট হবে বিশ্বের দীর্ঘতম এবং গভীরতম সমুদ্রগর্ভস্থ সড়ক টানেল, যা ২৭ কিলোমিটার দীর্ঘ। ছবি: স্কানস্কা

টানেল পরিমাপের যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান হেক্সাগনের প্রধান কর্মকর্তা বার্কহার্ড বোকেম বলেন, ‘দূরবিনের ভেতর দিয়ে চোখ রেখে সার্ভেয়ারদের মাপজোখ করার সেই পুরোনো দিন এখন আর নেই বললেই চলে।’

৫ সেন্টিমিটারের এই ত্রুটিসীমা বিশ্বের অন্যতম কঠোর মানদণ্ড। তবে ত্রুটি এড়িয়ে এটি সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি অপচয় এবং কার্বন নির্গমন কমাতে সাহায্য করে। বার্কহার্ড বলেন, ‘আপনি যদি এই মাপ থেকে বিচ্যুত হন, তবে অতিরিক্ত অনেক উপাদান বেরিয়ে আসবে, যা পরে আবার ভরাট করতে হবে। সুতরাং এটি কেবল ঝুঁকির বিষয়ই নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্থিক বিষয়ও বটে।’

‘রগফাস্ট’ প্রকল্পটি মূলত ই-৩৯ উপকূলীয় মহাসড়ক সংস্কারের একটি বড় অংশ। ১,১০০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তরের ট্রনহেইম থেকে দক্ষিণের ক্রিস্টিয়ানসান পর্যন্ত বিস্তৃত। বর্তমানে এই পুরো পথ পাড়ি দিতে ২১ ঘণ্টা সময় লাগে এবং এর মধ্যে সাতটি স্থানে ফেরি পারাপার হতে হয়। সুড়ঙ্গ ও সেতু নির্মাণের মাধ্যমে এই পথকে ফেরিমুক্ত করা এবং যাতায়াতের সময় অর্ধেকে নামিয়ে আনাই এর মূল লক্ষ্য। তবে ২০৫০ সালের আগে এই পুরো কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই।

প্রকল্প ব্যবস্থাপক মোয়েনের মতে, রগফাস্ট হলো এই মহাপরিকল্পনার অন্যতম দূরূহ ও প্রযুক্তিগতভাবে জটিল একটি অংশ। এর নির্মাণকাজ নানা বাধার মুখেও পড়েছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘এ পর্যন্ত আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল পাথর সিল করার জন্য যথেষ্ট ভালো গ্রাউটিং [সিমেন্ট বা বিশেষ মিশ্রণ দিয়ে ফাটল বন্ধ করা] পদ্ধতি খুঁজে বের করা। আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটার গভীরে আছি এবং ইতিমধ্যে টানেল ব্যবস্থায় বেশ বড় ধরনের লোনা পানি চুইয়ে পড়ার সমস্যা দেখা দিয়েছে। যেহেতু আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে একেবারে ৩৯২ মিটার গভীরে যাব, তাই সবার জন্য নিরাপদ ও কার্যকর কর্মপরিবেশ বজায় রাখতে সেরা পদ্ধতিগুলো খোঁজার ওপর আমরা জোর দিচ্ছি।’

নির্মাণাধীন ২৭ কিলোমিটার দীর্ঘ রগফাস্ট হবে বিশ্বের দীর্ঘতম এবং গভীরতম সমুদ্রগর্ভস্থ সড়ক টানেল। ছবি: স্কানস্কা

টানেলটিতে গাড়িচালকদের বায়ুদূষণ থেকে রক্ষা করতে এবং টানেলের ভেতরের বাতাস যেন দূষিত না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এতে বাতাসের প্রবাহ ঠিক রাখতে বিশেষ ফ্যান ব্যবহার করা হবে, যার সঙ্গে কিটসয় পর্যন্ত একটি ভেন্টিলেশন পাইপ যুক্ত থাকবে। প্রকল্প কর্মকর্তা মোয়েন বলেন, ‘টানেলের এই বিশাল দৈর্ঘ্যের পুরোটাজুড়ে কার্যকর বায়ু চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই যৌথ পদ্ধতি তৈরি করা হয়েছে।’

নির্মাণাধীন ২৭ কিলোমিটার দীর্ঘ রগফাস্ট হবে বিশ্বের দীর্ঘতম এবং গভীরতম সমুদ্রগর্ভস্থ সড়ক টানেল। ছবি: স্কানস্কা
এ ছাড়া টানেলে কোনো গাড়ি নষ্ট হয়ে গেলে বা যানজট সৃষ্টি হলে তা দ্রুত বুঝতে তাৎক্ষণিক সতর্কবার্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি ক্যামেরা ও রাডার দিয়ে গাড়ি চলাচলের ওপর নজর রাখা হবে।

ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কিছু মানুষ চাকরি হারালেও ‘রগফাস্ট’ টানেল স্থানীয় বাসিন্দাদের জন্য চাকরি, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা পাওয়ার সুযোগ আরও বাড়িয়ে দেবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা মোয়েন। এ ছাড়া এটি স্থানীয় অর্থনীতি ও সামুদ্রিক মৎস্যশিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ, এতে পরিবহন খরচ কমে যাবে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আরও বড় এলাকাজুড়ে পরিচালিত হবে। তিনি বলেন, ‘এই প্রকল্পটি নির্মাণের সময় প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করছে এবং নরওয়ের পশ্চিম উপকূলজুড়ে একটি টেকসই ও সমন্বিত আঞ্চলিক উন্নয়নের ভিত্তি তৈরি করে দিচ্ছে।’

বর্তমানে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া বিশ্বের দীর্ঘতম টানেল উত্তর জাপানের ‘সেইকান টানেল’। এটি কেবল রেল চলাচলের জন্য ব্যবহৃত একটি টানেল, যার মোট দৈর্ঘ্য ৫৩.৮৫ কিলোমিটার এবং এর সামুদ্রিক অংশটি ২৩.৩ কিলোমিটার দীর্ঘ।

অন্যদিকে, ইংল্যান্ড ও ফ্রান্সকে সংযোগকারী ‘চ্যানেল টানেল’-ও কেবল ট্রেনের জন্য। এর দৈর্ঘ্য ৫০.৪৬ কিলোমিটার। তবে এর সমুদ্রের নিচের অংশটি ৩৭.৯ কিলোমিটার, যা রগফাস্টের চেয়েও দীর্ঘ। তবে গভীরতার দিক থেকে সেইকান বা চ্যানেল টানেল—দুটির চেয়েই অনেক গভীরে থাকবে রগফাস্ট। সেইকান ও চ্যানেল টানেলের সর্বোচ্চ গভীরতা যথাক্রমে ২৪০ মিটার ও ১১৫ মিটার।