নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় বাংলাদেশ সোসাইটি ইনক-এর বাংলা স্কুলের তৃতীয় শাখায় আনন্দের সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতি শিখছে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্ম। জ্যামাইকার এলহাম একাডেমির হলরুমে সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত এই শিক্ষা কার্যক্রমে বর্তমানে অংশ নিচ্ছে ত্রিশের বেশি শিক্ষার্থী। শিক্ষা কার্যক্রমে বাংলা বলা ও লেখার পাশাপাশি কবিতা আবৃত্তি এবং বাঙালি সংস্কৃতির চর্চায় গুরুত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা শিশুদের মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখার এই উদ্যোগে অভিভাবকদের মধ্যেও উৎসাহ দেখা যাচ্ছে।

শিক্ষক রোমানা জানান, আমেরিকায় জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলা শিখছে এবং ক্লাসগুলো উপভোগ করছে। সন্তানদের বাংলা শেখার আগ্রহ ও অগ্রগতি দেখে অভিভাবকেরাও গর্ব অনুভব করছেন।
অভিভাবক শাইলক তাঁর মেয়ের অগ্রগতির কথা জানিয়ে বলেন, “আমার মেয়ে এক মাসের মধ্যেই এখন কিছুটা বাংলা বলতে পারছে এবং বাংলা অক্ষরগুলোও একটু একটু চিনতে শিখছে। আমি খুবই খুশি।”

আরেক অভিভাবক মোহাম্মদ আব্দুর রহিম বলেন, “আমাদের কমিউনিটিতে বাংলা শেখার এমন আয়োজন করায় আমি খুবই খুশি। এ জন্য বাংলাদেশ সোসাইটি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
বাংলাদেশের বাইরে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় গড়ে তুলতে এই কার্যক্রম একটি সুন্দর সুযোগ তৈরি করেছে।










