৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ : উদ্বোধক হিসেবে যোগ দিচ্ছেন কালজয়ী কথাশিল্পী ইমদাদুল হক মিলন

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ : উদ্বোধক হিসেবে যোগ দিচ্ছেন কালজয়ী কথাশিল্পী ইমদাদুল হক মিলন

ঢাকা আগামী ২২ মে থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হতে যাচ্ছে মুক্তধারা ফাউন্ডেশনের ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। উত্তর আমেরিকায় বাঙালির প্রাণের এই মিলনমেলার ৩৫তম আসরের উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী কথাসাহিত্যিক এবং বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক মিলন। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। গত ৩৪ বছরে বাংলা সাহিত্যের শীর্ষস্থানীয় দিকপালরা এই মেলা উদ্বোধন করে এর মর্যাদা বৃদ্ধি করেছেন।

পূর্ববর্তী আসরগুলোর উদ্বোধকদের হিসেবে ছিলেন- হাসান আজিজুল হক, পবিত্র সরকার, সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ূন আহমেদ প্রমুখ। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ইমদাদুল হক মিলন তার অসাধারণ লেখনীর মাধ্যমে দুই বাংলার পাঠকদের মোহাবিষ্ট করে রেখেছেন। গ্রামীণ জীবনের জটিল সমীকরণ, মুক্তিযুদ্ধ এবং মানুষের অন্তর্গত আবেগ তার উপন্যাসে অত্যন্ত নিপুণভাবে ফুটে ওঠে। তার মহাকাব্যিক সৃষ্টি ‘নূরজাহান’ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি শ্রেষ্ঠ মাইলফলক হিসেবে স্বীকৃত। সাহিত্যের পাশাপাশি সাংবাদিকতায় তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি দীর্ঘ সময় শীর্ষস্থানীয় দৈনিক ‘কালের কণ্ঠ’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এর প্রধান সম্পাদক হিসেবে কর্মরত। শিল্প ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ দেশ-বিদেশের বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— নূরজাহান (তিন খণ্ড), পরাধীনতা, কালাকাল, কালো ঘোড়া, দেশভাগের পর এবং ভালোবাসার সুখ-দুঃখ। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলায় এবার ইমদাদুল হক মিলনের উপস্থিতি প্রবাসী বাঙালিদের মধ্যে নতুন এক উম্মাদনা সৃষ্টি করবে। বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলাটি উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে আরও বড় ভূমিকা রাখবে। ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: তারকাখচিত আয়োজন, চারদিনব্যাপী উৎসব ২২–২৫ মে নিউ ইয়র্কে প্রবাসী বাঙালির অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন—৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা—নিয়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

নতুন লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এবারের আয়োজন, যা অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত। ১৯৯২ সালে যাত্রা শুরু করা এই বইমেলা আজ প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এবারের ৩৫তম আসরকে কেন্দ্র করে থাকছে চারদিনব্যাপী সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার এক বর্ণাঢ্য আয়োজন। এছাড়া অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশের খ্যাতনামা শতাধিক লেখক। নিউ ইয়র্কের Jamaica Performing Arts Center-এ অনুষ্ঠিতব্য এই বইমেলায় অংশ নিচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য প্রকাশকরা। চারদিনব্যাপী এই আয়োজনে থাকছে সেমিনার, সিম্পোজিয়াম, বই উন্মোচন, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। ফলে বইমেলাটি হয়ে উঠবে প্রবাসী বাঙালির এক অনন্য মিলনমেলা—যেখানে ভাষা, সাহিত্য এবং সাংস্কৃতিক পরিচয়ের এক গভীর সংযোগ তৈরি হয়। আয়োজকরা আশা করছেন, ৩৫তম এই বইমেলা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করবে।