২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড এর আবেদনকারীদের পাবলিক চার্জ এর আওতায় আর্থিক ও অন্যান্য সক্ষমতা যাচাইয়ে বড় পরিবর্তন আসছে ১৮ সেপ্টেম্বর থেকে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড এর আবেদনকারীদের পাবলিক চার্জ এর আওতায় আর্থিক ও অন্যান্য সক্ষমতা যাচাইয়ে বড় পরিবর্তন আসছে ১৮ সেপ্টেম্বর থেকে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড এর আবেদনকারীদের পাবলিক চার্জ এর আওতায় আর্থিক ও অন্যান্য সক্ষমতা যাচাইয়ে বড় পরিবর্তন আসছে। আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন পাবলিক চার্জ নীতির আওতায় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS আবেদনকারীর আয়, সম্পদ, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সম্ভাবনার পাশাপাশি SNAP বা ফুড স্ট্যাম্প, মেডিকেইড, CHIP এবং বিভিন্ন আবাসন সহায়তাসহ আরও বিস্তৃত সরকারি সুবিধা গ্রহণের বিষয় বিবেচনায় নিতে পারবে।

USCIS গত ১৮ আগস্ট এ সংক্রান্ত নতুন নীতিগত নির্দেশনা প্রকাশ করে। নতুন নিয়ম মূলত ১৮ সেপ্টেম্বর বা তার পরে জমা দেওয়া অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস বা Form I 485 আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে যথাযথভাবে জমা দেওয়া আবেদন সাধারণভাবে আগের নিয়ম অনুযায়ী বিবেচিত হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সরকারের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, তা নির্ধারণে তার সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করবেন কর্মকর্তারা। এতে বয়স, স্বাস্থ্য, পরিবারের সদস্যসংখ্যা, আয়, সম্পদ, শিক্ষা, পেশাগত দক্ষতা, চাকরির ইতিহাস ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় আসতে পারে।

তবে যুক্তরাষ্ট্রে সরকারি সুবিধা গ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড এর আবেদন নাকচ হবে না। SNAP বা মেডিকেইড গ্রহণ আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতির একটি উপাদান হিসেবে দেখা হবে। পরিবারের অন্য সদস্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিক সন্তান কোনো সুবিধা নিলে সেটিকে সাধারণভাবে আবেদনকারীর নিজের সুবিধা গ্রহণ হিসেবে গণ্য করা হবে না।

১৮ সেপ্টেম্বরের আগে গ্রহণ করা এমন নন ক্যাশ সুবিধা, যা আগের নিয়মে বিবেচনার বাইরে ছিল, শুধু সেই কারণে আবেদনকারীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পরও নন ক্যাশ সুবিধা গ্রহণ অব্যাহত থাকলে তা বিবেচনায় আসতে পারে।

ইমিগ্রেশন আইনে বিশেষজ্ঞদের মতে, কম আয়, সীমিত সম্পদ, গুরুতর স্বাস্থ্য সমস্যা কিংবা ভবিষ্যৎ কর্মসংস্থানের দুর্বল সম্ভাবনা থাকা আবেদনকারীরা গ্রান কার্ড এর আবেদন প্রক্রিয়ায় বাড়তি যাচাইয়ের মুখে পড়তে পারেন। তবে প্রতিটি আবেদন আলাদাভাবে সব ইতিবাচক ও নেতিবাচক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে USCIS এর অফিসারগণ ।