যুক্তরাষ্ট্রে সব ধরনের অবৈধ অভিবাসন ও অভিবাসন সংক্রান্ত জালিয়াতি বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ক সংস্থা ‘ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস’ (ইউএসসিআইএস) অভিবাসন প্রক্রিয়ায় যেকোনো ধরনের প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প এবং ইউএসসিআইএস পরিচালক জোসেফ বি. এডলোর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থার সততা, স্বচ্ছতা ও সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করাকে বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে পুরো অভিবাসন ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে এবং যেকোনো ধরনের অপব্যবহার রুখতে সাধারণ মানুষের তথ্য দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে ইউএসসিআইএস। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে যে কেউ চাইলে তাদের বিশেষ অনলাইন টিপ ফর্মের (Online Tip Form) মাধ্যমে যেকোনো ধরনের অভিবাসন জালিয়াতির ঘটনা সরাসরি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট বা অভিযোগ আকারে জমা দিতে পারবেন। এর ফলে খুব সহজেই জালিয়াতি চক্রকে চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করছে প্রশাসন।
ইউএসসিআইএস-এর এই নতুন অনলাইন ব্যবস্থার আওতায় এইচ-১বি (H-1B) ভিসা, এইচ-২বি (H-2B) ভিসা, ইবি-৫ (EB-5) ইনভেস্টর ভিসা, রাজনৈতিক আশ্রয় (Asylum), চুক্তিভিত্তিক ভুয়া বিয়ে এবং অন্যান্য সকল প্রকার ইমিগ্রেশন সুবিধার অপব্যবহার বা জালিয়াতি সংক্রান্ত অভিযোগ জমা দেওয়া যাবে। মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৈধ উপায়ে অভিবাসন প্রক্রিয়া সচল রাখা এবং জালিয়াতির মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়া বন্ধ করতে এই অনলাইন টিপ ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে।















