২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

‘বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে, তাদের সুরক্ষা দিতে হবে’ বললেন অস্ট্রেলীয় এমপি

‘বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে, তাদের সুরক্ষা দিতে হবে’ বললেন অস্ট্রেলীয় এমপি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়সহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের সদস্য জুলিয়ান লিজার। তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকারের আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গত ১৪ নভেম্বর (শনিবার) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ‘বিজয়া সম্মিলন ২০২৬’-এ পাঠানো এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রত্যয় জানান এই অস্ট্রেলীয় আইনপ্রণেতা।

ভিডিওবার্তায় জুলিয়ান লিজার বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়টি আমি নিয়মিত ফেডারেল পার্লামেন্টে উত্থাপন করেছি। বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, সে বিষয়ে আমার উদ্বেগের কথাও বিভিন্ন সময়ে আপনাদের সম্প্রদায়ের সামনে তুলে ধরেছি।’

ধর্মীয় স্বাধীনতাকে মানবাধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, মানুষের মানবাধিকার এবং অস্তিত্বের জন্য ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত জরুরি। অস্ট্রেলিয়ায় কারও ধর্মীয় স্বাধীনতা বাধাগ্রস্ত হলে কিংবা উপাসনার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হলে সরকার তার পক্ষে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করা হয়। কিন্তু বাংলাদেশে এ ধরনের পরিস্থিতিতে যথেষ্ট পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ থেকে দূরে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও প্রবাসী বাংলাদেশি হিন্দুদের জন্য দেশের স্বজন ও বন্ধুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি তিনি উপলব্ধি করেন বলে জানান। তাঁর ভাষায়, ধর্মীয় পরিচয় যা-ই হোক, প্রত্যেক মানুষের নিরাপদে উপাসনালয়ে যাওয়া, সন্তানদের বিদ্যালয়ে পাঠানো, ব্যবসা পরিচালনা, কর্মস্থলে যাওয়া এবং দৈনন্দিন জীবনযাপনের অধিকার থাকা উচিত।

তিনি বলেন, ‘মানুষের ধর্মীয় বিশ্বাস যা-ই হোক না কেন, তাদের উপাসনালয়ে যাওয়ার, সন্তানদের স্কুলে পাঠানোর, নিজেদের ব্যবসা পরিচালনা করার এবং কোনো বাধা ছাড়াই কর্মস্থলে যাওয়ার অধিকার থাকা উচিত। আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি, তারা যেন শুধু সংখ্যালঘুদের অধিকারকে সম্মানই না করে, বরং সেই অধিকারগুলো সুরক্ষিতও করে। বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জুলিয়ান লিজার বলেন, দেশে ও দেশের বাইরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতার পক্ষে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সেই অবস্থান থেকেই বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার দাবির সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করছেন।

সম্প্রীতি ও বহুত্ববাদের বার্তায় সিডনিতে বিজয়াসম্মিলন

এদিকে, ‘বিজয়া সম্মিলন ২০২৬’-এ অস্ট্রেলিয়ার বহুজাতিক ও বহুসাংস্কৃতিক পরিচয় এবং দেশটির সামাজিক ও সাংস্কৃতিক জীবনে হিন্দু সম্প্রদায়ের অবদানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বৃহত্তর সমাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অস্ট্রেলিয়ার বৈচিত্র্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এই সম্প্রদায়ের ভূমিকার স্বীকৃতি দেন অতিথিরা। তাঁদের বক্তব্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের বার্তা প্রাধান্য পায়।

অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানান অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের সদস্য জুলিয়ান লিজার, সিনেটর ডেভ শর্মা, নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিনস এবং রাজ্যটির বিরোধীদলীয় নেতা কেলি স্লোয়ান।

‘অশুভের বিনাশ হোক, বিশ্বজুড়ে শুভ ও কল্যাণের জয় হোক’ প্রতিপাদ্যকে সামনে রেখে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দুই দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও সম্প্রীতির আবহ তৈরি করে আয়োজনটি।

বাংলাদেশের অস্ট্রেলীয় ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ লিমিটেডের (AFERMB) উদ্যোগে গত ১৪ নভেম্বর শনিবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সিডনির ক্যাম্পসির ১৫৫ বিমিশ স্ট্রিটের ওরিয়ন ফাংশন সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দুর্গাপূজা-পরবর্তী এই আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী, কমিউনিটি নেতা এবং অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন।

জাতীয় সংগীত পরিবেশনের পর পবিত্র গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠের মাধ্যমে আন্তধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। পবিত্র গীতা থেকে পাঠ করেন তেজস পল ও আহান সেনগুপ্ত। বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো ত্রিপিটক থেকে পাঠ করেন। বাইবেল থেকে পাঠ করেন লাহারি ফ্রান্সিসকা রোজারিও।

বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের এই আয়োজন পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতির প্রতীকী প্রকাশ হয়ে ওঠে। আয়োজকদের মতে, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি সম্প্রদায়ের ঐতিহ্য তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। – সংবাদ সুত্র ওটিএন বাংলা