


লাউ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু বিভিন্ন পদ। তেমনই এক রান্না লাউ ও শুকনা বরইয়ের খাট্টা। খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন টক-মিষ্টি স্বাদের এই খাট্টা।
উপকরণ: লাউ (অর্ধেক, কিউব করে কাটা), হলুদগুঁড়া – হাফ চা-চামচের একটু কম, মরিচগুঁড়া – ১/৩ চা-চামচ, ধনেগুঁড়া – ১/৩ চা-চামচ, লবণ – স্বাদমতো, পানি – প্রয়োজন অনুযায়ী, পাকা শুকনা বরই – ১০–১২টি, আস্ত কাঁচা মরিচ – ৩–৪টি, চিনি – ১ চা-চামচ বা স্বাদমতো, তেঁতুলের ক্বাথ – স্বাদ অনুযায়ী, তেল – ২ টেবিল চামচ, শুকনা মরিচ – ২টি, পেঁয়াজকুচি – ২ টেবিল চামচ, রসুনকুচি – হাফ চা-চামচ,পাঁচফোড়ন – ১/৩ চা-চামচ, ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
প্রণালি:লাউ সেদ্ধ করা: কিউব করে কাটা লাউ একটি পাত্রে নিয়ে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া ও লবণ দিয়ে পরিমাণমতো পানি দিন। লাউ নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন।
বরই ও কাঁচা মরিচ যোগ করা: লাউ সেদ্ধ হলে এতে শুকনা বরই ও আস্ত কাঁচা মরিচ দিন। এরপর স্বাদ অনুযায়ী চিনি ও (বরই বেশি টক না হলে) তেঁতুলের ক্বাথ মিশিয়ে দিন। ভালোভাবে ফুটিয়ে বরই নরম হতে দিন।
বাগার বা ফোড়ন তৈরি: অন্য একটি প্যানে তেল গরম করে শুকনা মরিচ লালচে করে ভেজে নিন। এরপর পেঁয়াজ ও রসুনকুচি দিয়ে হালকা ভাজুন। তারপর পাঁচফোড়ন দিন এবং এর সুগন্ধ বের হলে এটি লাউয়ের টকের সঙ্গে মিশিয়ে দিন।
ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। নামানোর আগে টক, ঝাল, লবণ ও মিষ্টির স্বাদ ঠিক আছে কি না, দেখে নিন। পরিবেশন করুন মজাদার লাউ ও শুকনা বরইয়ের খাট্টা।













