বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা নিয়ে আর্টন ক্যাপিটলের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে ষষ্ঠ স্থানে। বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির প্রকাশিত হালনাগাদ সূচকে এ তথ্য উঠে এসেছে।
আর্টন ক্যাপিটলের সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের অবস্থান তুলে ধরা হয়েছে। এতে বাংলাদেশের গতিশীলতা স্কোর ৬৫। এই স্কোর অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। এ ছাড়া ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নিয়ে প্রবেশের সুযোগ রয়েছে। অন্যদিকে, ১১৫টি গন্তব্যে যেতে আগাম ভিসা নিতে হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
বিশ্ব সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান হলো, ভারত ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, বাংলাদেশ ১৯২তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।
আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পাসপোর্ট সূচক চালু করে। বিভিন্ন দেশের নাগরিকেরা কতটি গন্তব্যে ভিসা ছাড়াই, পৌঁছানোর পর ভিসা নিয়ে অথবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।
তবে আর্টন ক্যাপিটল ও যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের মূল্যায়ন পদ্ধতি এক নয়। এ কারণে দুই প্রতিষ্ঠানের প্রকাশিত সূচকে একই দেশের পাসপোর্টের অবস্থানে পার্থক্য দেখা যায়।










