পুরবীদির সাথে আমার পরিচয় নিউ ইয়র্কই যতোদূর মনে পড়ছে সেই ১৯৮৭-র কোন একদিন। ম্যানহাটনে সেসময় আমার কর্মস্থল বারুক কলেজ থেকে হাঁটার দুরুত্বে ছিল সৈয়দ মোহাম্মদ উল্লাহ ভাইর “প্রবাসী” পত্রিকার অফিস। সেখানেই প্রথম দেখা জ্যোতিদা – ড. জ্যোতিপ্রকাশ দত্তের সাথে। খুব অল্পদিনেই একধরনের ঘনিষ্ঠতা অনুভব করতে শুরু করলাম জ্যোতিদার সাথে। জ্যোতিদা সাংবাদিকতায় ডক্টরেট করেছেন, আবার নামকরা সাহিত্যিক- ৭২ সালেই সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। খুবই সাদাসিধে, সহজ সরল একজন মানুষ। “প্রবাসী” অফিসে আসতেন, হাতে থাকতো কফি আর ডোনাট। আমিও তাতে ভাগ বসাতাম। মাঝেমধ্যে থাকতেন মুশতাক ভাই- মুশতাক ইলাহী, যিনি প্রবাসী পত্রিকার অঙ্গসজ্জার দায়িত্বে ছিলেন । জ্যোতিদা, মুশতাক ভাই, সৈয়দ মোহাম্মদ উল্লাহ ভাই আর আমি মিলে আড্ডা হতো খুব। জ্যোতিদা ছিলেন সেইসব আড্ডার মধ্যমনি।
এরকম একজন মানুষের সান্নিধ্যতো পরম সৌভাগ্যের। পুরবীদি তখন নিউ ইয়র্ক এর পৃথিবী বিখ্যাত মেমোরিয়াল স্লোন কেটারিং – ক্যান্সার হাসপাতালের উচ্চপদস্থ গবেষক। জ্যোতিদার সাথে একসাথে বাসায় ফিরে যেতে এক বিকেলে তিনিও আসলেন প্রবাসী পত্রিকার অফিসে। জ্যোতিদাই পরিচয় করিয়ে দিলেন। জ্যোতিদার মতোই খুব সাদাসিধে, আপাদমস্তক অসাম্প্রদায়িক অথচ এমন “Dignified” মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি। ধীরে ধীরে তাঁর পরম স্নেহের একজন হয়ে গেলাম।
নব্বইয়ের দশকের গোড়ার দিকে নিউ ইয়র্কে প্রথম এলেন কবি নির্মলেন্দু গুণ। পরে জেনেছিলাম, পুরবীদি ও নির্মলেন্দু গুণ ছাত্রজীবনে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার উপর দায়িত্ব পড়েছিল কবি নির্মলেন্দু গুনকে ম্যানহাটান থেকে সাবওয়েতে করে পুরবীদির কুইন্সের কিউ গার্ডেনের বাসার দাওয়াতে নিয়ে যেতে।
গেলামও। সে কি আপ্যায়ন! মাছ- মুরগির মাংস কতো কি খেয়েছিলাম এখন আর মনে করতে পারছিনা। তবে একটি পদের কথা আমৃত্য মনে রাখবো। পুরবীদির হাতের বেগুন ভাজা। অনৃতসম! ৩৪/৩৫ বছর আগের স্মৃতি, সবসময় আমার চোখের কোনায় ভাসতে থাকে। যখনই কোন খাবার টেবিলে বেগুন ভাজা দেখি, পুরবীদির কথাই মনে পড়ে।
পুরবীদির সাথে নানা পরিবেশে আমার নানা স্মৃতি। নব্বইয়ের দশকের শুরুতে নিউ ইয়র্কে প্রথম নিয়মিত সাহিত্য আসরের অন্যতম উদ্যোক্তা ছিলেন পুরবীদি। এরপর সাহিত্য ও বই প্রকাশকে কেন্দ্র করে আয়োজিত অনেক অনুষ্ঠানে তাঁর সাথে দেখা হয়েছে। দেখা হলেই পরম স্নেহে বলতেন নাজমুল কেমন আছেন? আমার কাগজে অনেক লেখা দিয়েছেন।
পুরবীদির মতো এমন আপাদমস্তক অসাম্প্রদায়িক মানুষ আমার জীবনে খুব কমই দেখেছি। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিতে তাঁর উদ্বেগ ও উৎকণ্ঠার কথা কাছের মানুষরাই জানতেন। কিন্তু তাঁর এই বেদনার প্রকাশ দেখেছি অসাধারণ, অবিস্মরণীয় প্রবন্ধ সংকলন “এখনো গেলোনা আঁধার” প্রকাশের পর।
পরম মমতায় যে দেশকে ভালোবেসেছিলেন, ১৯৭১ এ যে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় ফিলাডেলফিয়া বন্দরে অস্ত্রবাহী পাকিস্তানি জাহাজকে ঠেকাতে ফিলিস টেলরের নেতৃত্বে Blocakade এ শাড়ী পড়েই যোগ দিয়েছিলেন। সাম্প্রদায়িকতার সেই আঁধার এখনো যায়নি, পুরবীদিই চলে গেলেন। আহা! পুনশ্চ: পুরবীদির ছবিটি আমার প্রায় ৫৪ বছরের বন্ধু, সহপাঠী কীর্তিমান তাজুল ইমামের। তাঁর প্রতি অসীম কৃতজ্ঞতা। ভালো থাকিস বন্ধু ।










