নিউইয়র্ক সিটিতে নির্মাণ শ্রমিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রশিক্ষণ ছাড়াই ভুঁয়া OSHA ও সাইট সেফটি ট্রেনিং (SST) কার্ড তৈরি ও বিক্রির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে কর্তৃপক্ষ। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন ৩৪ বছর বয়সী লুৎফুর রহমান ও মোহাম্মদ তুষার। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, প্রশিক্ষণ না দিয়েই নির্মাণশ্রমিকদের কাছে ৫০০ ডলারের বিনিময়ে এসব জ্বাল সনদ সরবরাহ করতেন।
ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি প্রদত্ত তথ্য অনুযায়ী, রেডকোড ইনকরপোরেশন নামে প্রতিষ্ঠানটির কুইন্স ও ব্রুকলিনে কার্যালয় ছিল। লুৎফুর রহমান প্রতিষ্ঠানটির মালিক এবং মোহাম্মদ তুষার সহযোগী হিসেবে কাজ করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে নিউইয়র্ক সিটির তদন্ত বিভাগের কর্মকর্তারা নির্মাণশ্রমিক পরিচয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে যান। অভিযোগ অনুযায়ী, তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই ৫০০ ডলারের বিনিময়ে OSHA ও SST কার্ড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এমনকি প্রশিক্ষণ নেওয়া হয়েছে—এমন ভুয়া তথ্য উপস্থিতির তালিকায় দেখানোর ব্যবস্থাও করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভুঁয়া নথি দাখিল, অসদাচরণের বিনিময়ে অর্থ গ্রহণ এবং ব্যবসায়িক রেকর্ড জ্বাল করার একাধিক অভিযোগ আনা হয়েছে। তাঁদের আদালতে হাজির করার পর জামিন ছাড়াই মুক্তি দেওয়া হয় এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
নিউইয়র্কে নির্মাণকাজে যুক্ত শ্রমিকদের জন্য নির্ধারিত নিরাপত্তা প্রশিক্ষণ ও সনদ বাধ্যতামূলক। প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই সনদ সরবরাহ করলে শ্রমিকদের পাশাপাশি নির্মাণস্থলে অন্যদের জীবনও ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।








