২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

শুভ অপরাহ্ণ। শুনেছি, আপনারা আমাকে মিস করেছেন। এই যে আমি। – এক মাস পর প্রকাশ্যে এসে মেলানিয়া

শুভ অপরাহ্ণ। শুনেছি, আপনারা আমাকে মিস করেছেন। এই যে আমি। – এক মাস পর প্রকাশ্যে এসে মেলানিয়া

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দীর্ঘ এক মাস পর জনসমক্ষে এসে নিজের অনুপস্থিতি নিয়ে চলা আলোচনার জবাব দিয়েছেন রসিকতার মাধ্যমে। বৃহস্পতিবার (২০ আগস্ট) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে যোগ দেন মেলানিয়া। এ সময় তিনি বলেন, ‘শুভ অপরাহ্ণ। শুনেছি, আপনারা আমাকে মিস করেছেন। এই যে আমি।’

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, অনুষ্ঠানে যাওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ওভাল অফিস থেকে মঞ্চের দিকে হেঁটে যান মেলানিয়া। পরে তার বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প দর্শকসারিতে বসে ছিলেন।

এর আগে সর্বশেষ গত ১৯ জুলাই ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রকাশ্যে দেখা গিয়েছিল মেলানিয়াকে। এরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজনে তার অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে ২৪ জুলাই অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারও ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত ওই ডিনারের প্রথম আয়োজনে উপস্থিত ছিলেন মেলানিয়া। তবে পরে একটি বন্দুকধারীর ঘটনার কারণে অনুষ্ঠানটি ব্যাহত হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের টেলিভিশন সংস্থা এনবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়া আগের তুলনায় কম জনসমক্ষে আসছেন। প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এবার তার প্রকাশ্য কর্মসূচির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে মেলানিয়ার সংক্ষিপ্ত মন্তব্যের পর তার অনুপস্থিতি নিয়ে চলা আলোচনা নতুন করে সামনে এসেছে।