যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূতদের সর্ববৃহৎ সংগঠন নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে ঘিরে ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে এই সভার আয়োজন করে পরিষদের ব্রঙ্কস ব্যুরো কমিটি। বিপুলসংখ্যক বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানটি একপর্যায়ে বিশাল সমাবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং জামিল আনসারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এমএ আজিজ।

এমএ আজিজ তার বক্তব্যে বর্তমান কমিটির তীব্র সমালোচনা করে বলেন, “বাংলাদেশ সোসাইটি যেভাবে চলছে, তাতে এটি বিলুপ্তির পথে এগোচ্ছে। বর্তমান কমিটি কবরস্থানের জন্য নির্ধারিত টাকা দিয়ে কবর না কিনে তা ফেরত এনে বর্ষপূর্তির নামে নাচ-গানে খরচ করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা তাদের কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।” সংগঠনের স্বার্থেই তিনি আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদ পরিষদকে সমর্থন জানিয়েছেন বলে জানান।

সভায় সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু তার প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমাদের নির্বাচিত করলে আপনাদের কাছে জবাবদিহি করতে হবে না; পরিষদের প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।”
সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ বলেন, নেতৃত্বের দক্ষতার অভাবে প্রবাসীদের এই বৃহৎ সংগঠনটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। নির্বাচিত হলে সাধারণ মানুষের চাহিদানুযায়ী সব সেবামূলক কাজ বাস্তবায়ন করার অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি নেতা সোলেমান ভূঁইয়াকে চেয়ারম্যান, তোফায়েল আহমেদ চৌধুরীকে প্রধান উপদেষ্টা, আব্দুল গাফ্ফার চৌধুরী খসরুকে আহ্বায়ক, কৃষিবিদ সোলায়মানকে সদস্য সচিব এবং লেইছ চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে ব্রঙ্কস ব্যুরো নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে প্রকাশ করা হবে জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, সাবেক সহসভাপতি ফারুক চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন, রফিকুল ইসলাম ডালিম, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, অধ্যাপক শাহজাহান ও আব্দুল গাফ্ফার চৌধুরী খসরুসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া এই মতবিনিময় পর্ব শেষে উপস্থিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।














