নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির অন্যতম বৃহৎ আঞ্চলিক ও সামাজিক সংগঠন “বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ” বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদকেআনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে। সম্প্রতি ব্রুকলিনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে সংগঠনটির কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের উপস্থিতিতে এ ঘোষণা প্রদান করা হয়।

এ প্রসঙ্গে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-র সাধারণ সম্পাদক এএসএম মাইনউদ্দিন পিন্টু জানান, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে কোন পরিষদকে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করা যায় তা যাচাই বাছাই করে নির্ধারণ করার জন্য বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সভাপতি নাজমুল হাসান মানিকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় । উক্ত কমিটিই বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।
সেলিম-আলী পরিষদ এর পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মাদ আলী এজন্য বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জ্যামাইকায় নির্বাচনী সভা অনুষ্ঠিত
এদিকে আগামী ২৫ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য বাংলাদেশ সোসাইটি নির্বাচন উপলক্ষ্যে গত ১৯ আগস্ট জামাইকায় ‘সেলিম-আলী পরিষদ’-এর সমর্থনে আয়োজিত এক প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সেলিম-আলীর নেতৃত্বে সোসাইটির বর্তমান কার্যকরী পরিষদের বিভিন্ন সাফল্য তুলে ধরে আসন্ন নির্বাচনেও সেলিম-আলী প্যানেলকে জয়ী করার আহ্বান জানান । সফল, সুসংগঠিত নির্বাচনী সভা আয়োজনে সমর্থক, ভোটারদের

অকৃত্রিম ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের গভীরভাবে অভিভূত ও অনুপ্রাণিত করেছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জামাইকাবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে । এই অভূতপূর্ব সমর্থন আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদকে এক নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেওয়ার সাহস জুগিয়েছে যার জন্য আয়োজক কমিটির প্রতিটি সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রতি সেলিম -আলী পরিষদ বিশেষভাবে ঋণী।

নির্বাচনী সভায় উপস্থিত বক্তারা আরো বলেন, সমাজের কল্যাণ ও বাংলাদেশ সোসাইটিকে একটি গতিশীল, স্বচ্ছ ও প্রবাসীবান্ধব সংগঠনে রূপান্তর করার যে অঙ্গীকার সেলিম-আলী পরিষদ গ্রহণ করেছে তাতে ভোটারদের সুদৃঢ় সমর্থন সেই লক্ষ্য অর্জনে পরিষদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সোসাইটির উন্নয়ন ও কমিউনিটির সকল সম্প্রদায়ের ঐক্য রক্ষায় ভোটারদের ভালোবাসা আগামী দিনের পথচলায় সেলিম-আলী পরিষদের মূল প্রেরণা। আসুন, আগামী ২৫ অক্টোবরের নির্বাচনে সেলিম-আলী পরিষদকে জয়যুক্ত করে সবাই মিলে একটি শক্তিশালী বাংলাদেশ সোসাইটি গড়ে তুলি।














