নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাকারিয়া মহিউদ্দিন গত ১৬ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল ৬টা ৩৫ মিনিটে নিউ ইয়র্ক এর লংআইল্যান্ডের নর্থশোর হাসপাতালে ইন্তেকাল করেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিউইয়র্কের প্রবাসী সঙ্গীতশিল্পী ও বিশিষ্ট গিটারিস্ট জাকারিয়া মহিউদ্দিন বাংলাদেশের পপগুরু আজম খান-এর গান অসাধারণভাবে পরিবেশন করতেন । নানান ধরনের গিটার বাজানোর পারদর্শিতায়ও তিনি ছিলেন অসাধারণ।
স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে জাকারিয়া মহিউদ্দিন তিন দশকের বেশি সময় যাবত নিউইয়র্ক শহরে বাস করছিলেন। নি:সন্তান জাকারিয়া মহিউদ্দিন রাজনৈতিকভাবে সক্রিয় চিন্তাশীল মানুষ ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী লড়াকু কলম সৈনিকও ছিলেন। উল্লেখ্য তিনি ঢাকার মতিঝিল মডেল স্কুলের প্রথম ব্যাচের এসএসসির শিক্ষার্থী ছিলেন । তাঁর মৃত্যুতে কমিউনিটিতে পরিচিতজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার ১৭ অক্টোবর বাদ জুমা জ্যামাইকা মুসলিম সেন্টারে তাঁর নামাজে জানাজার পর সরদেহ ঢাকায় পরিবার পরিজনের কাছে পাঠানো হয়।