১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

দল নির্বাচনে জিতলে প্রত্যেক আমেরিকান ৫ হাজার ডলার পাবেন, ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

দল নির্বাচনে জিতলে প্রত্যেক আমেরিকান ৫ হাজার ডলার পাবেন, ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

নভেম্বরে যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য ডেমোক্র্যাটদের বিরুদ্ধে লড়বে। ওই নির্বাচনকে ঘিরে এক অভিনব ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প—জানিয়েছেন, নির্বাচনে তার দল জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ৫ হাজার ডলার করে নগদ অর্থ পুরস্কার পাবেন।

এই নজিরবিহীন দাবির সঙ্গে মজার একটি কথা জুড়ে দিয়েছেন ট্রাম্প। তাকেও প্রার্থী হিসেবে বিবেচনা করার জন্য ভোটারদের অনুরোধ করেছেন। তবে এই নির্বাচন প্রেসিডেন্ট পদের জন্য নয়। স্বাভাবিক পরিস্থিতিতে ২০২৯ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ অব্যাহত থাকবে।

ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন সংক্রান্ত সম্মেলনে ট্রাম্প বলেন, ‘রিপাবলিকানরা জিতলে আপনারাও আমাদের সঙ্গে জিতবেন এবং ৫ হাজার ডলার করে পাবেন। এর নাম হবে ট্রাম্প ডিভিডেন্ড।’ তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা জানাননি প্রেসিডেন্ট।

তাত্ত্বিকভাবে এই অর্থের মোট পরিমাণ ১ ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে। এ বিষয়ে তিনি শুধু বলেন, ‘আমাদের দেশ প্রচুর অর্থ উপার্জন করছে।’ জনমত জরিপে ডেমোক্র্যাটদের সঙ্গে পিছিয়ে রয়েছে ট্রাম্পের দল। তবে তিনি আশাবাদী, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে জনমত জরিপের পূর্বাভাস ভুল হবে।

রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে এবং তিনি এতে সহায়তা করতে পারবেন—এমন আশাবাদ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, কল্পনা করুন যে আমিও ব্যালটে আছি।’ সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি ব্যালটে আছি, আমি ব্যালটে আছি—আর মাত্র একবারের জন্য।’

বেশিরভাগ জনমত জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের প্রতি সমর্থনের হার মাত্র ৩০ শতাংশের আশপাশে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইরানের বিরুদ্ধে তার শুরু করা যুদ্ধ নিয়ে ভোটারদের ক্ষোভ বাড়ছে। ডিসিশন ডেস্ক এইচকিউর পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২৩০-২০৫ ব্যবধানে এবং সিনেটে ৫১-৪৯ ব্যবধানে জয় পেতে পারে।