বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে সেখানেই তাকে অ্যারেস্ট করা হবে। কে কী বলছেন বা তিনি যেখানেই আত্মগোপনে থাকুন না কেন, বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশে অবস্থানরত অন্য দণ্ডিত পলাতক আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন যেভাবে প্রয়োগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হবে।’
শামা ওবায়েদ বলেন, ‘শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ সুবিধা বা আচরণের সুযোগ নেই।’
শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আছে কি-না, জানতে চাইলে এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘উনি যখন থেকে পলায়ন করেছেন, তার পর থেকে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় যাবেন না যাবেন, ইটস ইমম্যাটেরিয়াল।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘১৬ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর, ভাই আসুক না, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না’
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘বাহাত্তরের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির আওতায় সাজাপ্রাপ্ত হয়ে থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট কম্পেলড টু গিভ হার অ্যানি পাসপোর্ট, অ্যানি এনআইডি, এনিথিং। এটার ব্যত্যয় তো ঘটবে না।’










