বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার আশঙ্কার কথা তুলে ধরে খ্রিস্টানদের বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সন্তানদের গির্জার শিক্ষা ও খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করে তোলার পাশাপাশি তাদের আমেরিকার প্রতি ভালোবাসা শেখানোর পরামর্শ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর এই বার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’ পোস্টের সঙ্গে তিনি ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট যুক্ত করেন। সেখানে বলা হয়েছিল, ‘গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে।’
লেভিটের বার্তায় খ্রিস্টানদের বিয়ে, পারিবারিক জীবন ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পোস্টটি প্রকাশের পর অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ পারিবারিক মূল্যবোধ ও ধর্মের ওপর তাঁর গুরুত্ব দেওয়ার বিষয়টিকে সমর্থন করেছেন। অন্যরা প্রশ্ন তুলেছেন, জনপরিচিত ব্যক্তিদের এভাবে নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় বিশ্বাস অনুসরণের আহ্বান জানানো কতটা সমীচীন।
সমালোচকদের একাংশ যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুদের পরিচর্যার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক চাপের বিষয়টি সামনে এনেছেন। তাঁদের মতে, সন্তান নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি এসব বাস্তব সমস্যাও বিবেচনায় রাখা প্রয়োজন। কেউ কেউ আবার বলেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তানদের নিজেদের ধর্মীয় বিশ্বাস বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।
লেভিটের পোস্টের মন্তব্যে একজন লিখেছেন, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সন্তান জন্মদানের প্রতিযোগিতা হিসেবে বিষয়টিকে দেখা উচিত নয়। তাঁর মতে, পশ্চিমা দেশগুলোর সংস্কৃতি ধরে রাখতে অভিবাসন সীমিত বা বন্ধ করাই প্রকৃত সমাধান।
আরেক মন্তব্যকারী মাতৃত্বকালীন ছুটি, শিশুদের পরিচর্যাকেন্দ্র, জীবনধারণের উপযোগী মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে বলেন, এসব সুবিধার বিরোধিতা করা ব্যক্তিরাই আবার বেশি সন্তান নেওয়ার আহ্বান জানান। এরপর মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না, তা নিয়ে তাঁরা বিস্ময় প্রকাশ করেন। আরেকজন সরাসরি লেভিটকে উদ্দেশ করে লিখেছেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।’ – সংবাদ সুত্র এনডিটিভি










