চলতি আগস্ট মাসের প্রথম ৫ দিনে বাংলাদেশে ৬০ কোটি ২০ লাখ (৬০২ মিলিয়ন) ডলার পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশীরা। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ৫ দিনে দেশে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৪ ও ৫ আগস্টেই দেশে ১৯৬ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের আগস্টের প্রথম ৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৮ মিলিয়ন ডলার। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৩ শতাংশ।
এর আগে সদ্য বিদায়ী জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে প্রায় ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।















