২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস-এর কর্মকর্তাদের সাথে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস-এর কর্মকর্তাদের সাথে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস -এর একটি প্রতিনিধিদল গত ১৭ আগস্ট নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস-এর কমিশনার আহমেদ তিগানি, ডেপুটি কমিশনার (বহিঃসম্পর্ক বিষয়ক) রোজা কেলি, ডেপুটি কমিশনার মার্ক সানবারিয়াএবং সোনিয়া গুইওর, চিফ অব স্টাফ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।

এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের পক্ষ থেকে কমিশনার আহমেদ তিগানির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে প্রতিনিধিদল গভীর সম্মান ও আনন্দ প্রকাশ করে। সভায় নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এবং এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিশেষ করে প্রকৌশলী ও স্থপতিদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং বর্তমানে নিউইয়র্ক সিটি ডিওবিতে কর্মরত এএবিইএ সদস্যদের পেশাগত অগ্রগতি ও পদোন্নয়নের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
সভায় আরও জানানো হয় যে, নিউইয়র্ক সিটি ডিওবি আগামী ২৪ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের দ্বিবার্ষিক সম্মেলন ও ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

পাশাপাশি ডিওবি তাদের চাকরির বিজ্ঞপ্তি, ইন্টার্নশিপ কর্মসূচি, প্রশিক্ষণ এবং অন্যান্য পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম এএবিইএ সদস্যদের সঙ্গে নিয়মিতভাবে ভাগাভাগি করার বিষয়ে সম্মতি জানিয়েছে। এছাড়াও, নিউইয়র্কের অন্যতম কমিউনিটি সংগঠন ইসলামিক ফাউন্ডেশন অব নিউইয়র্ক (IFNY)-এর বিভিন্ন কার্যক্রমে নিউইয়র্ক সিটি ডিওবির সহযোগিতা ও পরামর্শ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের পক্ষ থেকে কমিশনার আহমেদ তিগানি এবং উপস্থিত ডেপুটি কমিশনারদের ২০২৬ সালের দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে সম্মেলন স্মারকের জন্য কমিশনারের একটি শুভেচ্ছাবার্তা বা লিখিত বক্তব্য প্রদানের অনুরোধও জানানো হয়। সভা শেষে উভয় পক্ষই প্রকৌশলী, স্থপতি এবং কমিউনিটি সংগঠনগুলোর উন্নয়নে দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে