নিউ ইয়র্ক সিটির নতুন কম্পট্রোলার মার্ক লেভিন বলেছেন, নিউ ইয়র্ক সিটি চলতি অর্থবছরে ২.১৮ বিলিয়ন ডলার এবং পরবর্তী অর্থবছরে আরও ১০.৪ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতির সম্মুখীন হতে চলেছে। এর মাধ্যমে তিনি তার পূর্বসূরীর অনুমানকে নিশ্চিত করেছেন।
লেভিন সতর্ক করে দিয়ে বলেছেন, এই প্রত্যাশিত ঘাটতিগুলো শহরের জন্য ভবিষ্যতে বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। তিনি মাঝারি মানের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এই ঘাটতির জন্য দায়ী করেছেন এবং সাবেক মেয়র এরিক অ্যাডামসের আর্থিক ব্যবস্থাপনার সমালোচনা করেছেন।
গত ১৬ জানুয়ারী শুক্রবার সাংবাদিকদের লেভিন বলেন, “আমরা এখন এই ঘাটতির মাত্রা নিয়ে সতর্কবার্তা দিচ্ছি।”
মেয়র জোহরান মামদানি একটি উচ্চাভিলাষী, এবং ব্যয়বহুল ও নীতি প্ল্যাটফর্ম নিয়ে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহ পর লেভিন সাবেক কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারের অনুমানের প্রতি সমর্থন জানান। মামদানির নীতিমালায় বিনামূল্যে বাস পরিষেবা এবং শিশুযত্নের মতো প্রস্তাবনা রয়েছে। মামদানি ধনী ব্যক্তি ও কর্পোরেশনগুলোর উপর কর বাড়িয়ে অতিরিক্ত রাজস্ব আদায়ের প্রস্তাব করেছেন।
কর সমন্বয়ের জন্য নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং নিউ ইয়র্ক ষ্টেট সিনেট ও এসেম্বলীর অনুমোদন প্রয়োজন হবে। গভর্নর হোকুল যিনি আসছে নভেম্বরে পুনঃনির্বাচনের জন্য লড়ছেন, তিনি মেয়র মামদানির এজেন্ডার কিছু অংশ, যেমন শিশুযত্ন সম্প্রসারণে সহায়তা করেছেন। কিন্তু তিনি ১৩ জানুয়ারি ষ্টেট আইন পরিষদের সদস্যদের উদ্দেশ্য প্রদত্ত তার ভাষণে কর না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
কম্পট্রোলার লেভিন বলেন, ঘাটতির পূর্বাভাসগুলো নিউ ইয়র্কে মাঝারি থেকে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুমানের উপর ভিত্তি করে করা হয়েছে। তিনি আরও বলেন, দ্রুততর অর্থনৈতিক সম্প্রসারণ এই সংকট মোকাবিলায় সাহায্য করবে।
তিনি আরো বলেন, “আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং এর জন্য কিছু ছাড় দিতে হবে। যদি আমরা আমাদের অর্থনীতিকে বাড়াতে পারি, তবে আমরা এই ছাড়গুলো এড়াতে পারব।”
কম্পট্রোলার লেভিন সাবেক মেয়র এরিক অ্যাডামসের অধীনে “পূর্ববর্তী প্রশাসনের” আর্থিক অনুশীলনেরও সমালোচনা করেন এবং এককালীন বাজেট ব্যবস্থার উপর অতিরিক্ত নির্ভরতার কথা উল্লেখ করেন।
নতুন কম্পট্রোলার, যিনি মামদানির মতোই ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি শহরের আর্থিক অবস্থা পর্যবেক্ষণের জন্য দায়ী। কম্পট্রোলার কার্যালয় স্থানীয় সরকারি সংস্থাগুলোর নিরীক্ষা পরিচালনা করে, নিউ ইয়র্কের পাঁচটি সরকারি পেনশন তহবিলের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে এবং সিটির বাজেটের উপর তদারকি করে।
সিটি ও ষ্টেট কম্পট্রোলারদের মতে, নিউ ইয়র্ক ঐতিহাসিকভাবেই জনকল্যাণ, ভাড়া সহায়তা, বিশেষ শিক্ষা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের ওভারটাইমের মতো পুনরাবৃত্তিমূলক ব্যয়ের জন্য বাজেটে কম বরাদ্দ রাখে। মেয়র মামদানি ডিসেম্বরে তিনটি মেয়র প্রশাসনের অভিজ্ঞতাসম্পন্ন শেরিফ সোলিমানকে বাজেট পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তাকে ১লা ফেব্রুয়ারির মধ্যে একটি বাজেট পরিকল্পনা জমা দিতে হবে।














