১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইলিশের মাথায় টমেটোর খাট্টা মিঠা

ইলিশের মাথায় টমেটোর খাট্টা মিঠা একটি সুস্বাদু বাঙালি পদ যা ইলিশ মাছের মাথা, পাকা টমেটো, এবং মিষ্টি ও টক স্বাদের (গুড়/চিনি ও তেঁতুল) মেলবন্ধনে তৈরি হয়, যা ভাতের সাথে পরিবেশন করা যায় এবং স্যুপের মতোও খাওয়া যায়। এই পদটি তৈরি করতে ইলিশের মাথা ভেজে তুলে রাখা হয়, এরপর তেলে পাঁচফোড়ন ও মশলা কষিয়ে টমেটো, গুড়, তেঁতুলের মাড় দিয়ে রান্না করা হয়, শেষে ভেজে রাখা মাছের মাথা মিশিয়ে দেওয়া হয়, যা খেতে টক-মিষ্টি ও দারুণ সুস্বাদু হয়।

উপকরণ : পাকা টমেটো: ৫০০ গ্রাম, ইলিশের মাথা: ১টি, হলুদগুঁড়া: সিকি চা-চামচ, আদা ও রসুনবাটা: আধা চা-চামচ, মরিচগুঁড়া: সিকি চা-চামচ, রসুনকুচি: ১ টেবিল চামচ, পানি: সাড়ে তিন কাপ, পেঁয়াজকুচি: আধা কাপ, কাঁচা মরিচ: ৪-৫টি, লবণ: স্বাদমতো, চিনি: ১ চা-চামচ, তেঁতুলের ক্বাথ: ২ টেবিল চামচ, তেল: ৪ টেবিল চামচ

প্রণালি : ইলিশ মাছের মাথা পরিষ্কার করে কেটে লবণ মেখে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে সিকি কাপ পেঁয়াজ ও মাছের মাথা হালকা সোনালি করে ভেজে নিন। মাথা উঠিয়ে রেখে তাতে বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষান। সামান্য পানি দিয়ে আবার মসলা কষিয়ে নিন।

পাশের চুলায় টমেটো ধুয়ে ৪ টুকরা করে ১ কাপ পানি, আধা চা-চামচ লবণ ও সিকি চা-চামচ হলুদ-মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিন। নামিয়ে ঠান্ডা করুন। অন্যদিকে মসলা কষানো হলে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। সামান্য লবণ ও পানি দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

সেদ্ধ করা টমেটো ১ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। এবারে কষানো মাছের মাথা তা দিয়ে দেড় কাপ পানি মিশিয়ে রান্না করুন।

দু–একবার ফুটে উঠলে কাঁচা মরিচ ও তেঁতুলের কাঁথ দিন। নেড়ে চিনি দিন। একটি প্যানে বাকি তেল গরম করে অবশিষ্ট পেঁয়াজ ও রসুনকুচি সোনালি করে ভেজে টমেটোর খাট্টা মিঠায় দিয়ে নাড়ুন। দু–একবার ফুটে উঠলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন। স্যুপের মতো এই খাট্টা মিঠা খালিও খাওয়া যাবে।