২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

শিক্ষার্থী সংকটে স্কুল বন্ধের প্রস্তাব বিবেচনা করছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন

শিক্ষার্থী সংকটে স্কুল বন্ধের প্রস্তাব বিবেচনা করছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন

শিক্ষার্থীসংখ্যা কমে যাওয়ায় নিউইয়র্ক সিটির হারলেম এলাকার একটি ছোট উচ্চবিদ্যালয় বন্ধের প্রস্তাব বিবেচনা করছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। আরবান অ্যাসেম্বলি স্কুল ফর গ্লোবাল কমার্স নামের বিদ্যালয়টিতে বর্তমানে ১১২ জন শিক্ষার্থী রয়েছে, যা গত পাঁচ বছরে ৩৯ শতাংশ কমেছে। প্রস্তাবটি চূড়ান্ত হলে সিটির সরকারি শিক্ষাব্যবস্থায় আরও বিদ্যালয় একীভূত বা বন্ধ করার উদ্যোগের সূচনা হতে পারে।

সিটির শিক্ষাবিষয়ক অলাভজনক সংস্থা আরবান অ্যাসেম্বলির আওতাধীন উচ্চবিদ্যালয়গুলোর তত্ত্বাবধায়ক ফ্রেড ওয়ালশ চলতি সপ্তাহে বিদ্যালয়টির শিক্ষার্থী ও কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে সম্ভাব্য বন্ধের প্রস্তাবের কথা জানান। গত মঙ্গলবারের (২০,অক্টোবর) ওই চিঠির একটি অনুলিপি পেয়েছে সংবাদমাধ্যম চকবিট। চিঠিতে ফ্রেড ওয়ালশ উল্লেখ করেন, শিক্ষার্থীসংখ্যা কমে যাওয়ায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনা ও বাজেট ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সমস্যা তৈরি হয়েছে, যা সরাসরি শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলছে।

নিউ ইয়র্ক সিটির শিক্ষা বিভাগ জানিয়েছে, বিদ্যালয়টি বন্ধের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। কর্তৃপক্ষ প্রস্তাবটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিক নথি অনলাইনে প্রকাশ করা হবে, জনশুনানির আয়োজন করা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নিউ ইয়র্ক সিটির শিক্ষানীতি প্যানেলে প্রস্তাবটি তোলা হবে। ডিসেম্বরের সভায় প্রস্তাব বিবেচনার জন্য প্রয়োজনীয় নথি ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে প্রকাশ করতে হবে বলে বোর্ড অফ এডুকেশন বা শিক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন।

নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের সময়ে ছোট ও বিশেষায়িত সরকারি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার যে প্রবণতা শুরু হয়েছিল, তার অংশ হিসেবে মাত্র ১৩ বছর আগে গ্লোবাল কমার্স বিদ্যালয়টি চালু হয়। এখন শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ায় বিদ্যালয়টি বন্ধের প্রস্তাব সামনে এসেছে।

গত এক দশকে নিউইয়র্ক নগরের সরকারি বিদ্যালয়গুলোতে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার কমে বর্তমানে প্রায় ৭ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক সিটির শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ২০০ বা তার কম শিক্ষার্থী রয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা ২০১৬ সালের ১৬৫টি থেকে বেড়ে বর্তমানে ২২৪টিতে পৌঁছেছে।

নিউ ইয়র্ক সিটির স্কুল চ্যান্সেলর কামার স্যামুয়েলস বলেছেন, অতিরিক্ত কম শিক্ষার্থী থাকা বিদ্যালয়গুলোর সমস্যা মোকাবিলা করা তাঁর অন্যতম অগ্রাধিকার। এসব বিদ্যালয়ে তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায় এবং পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় বিভিন্ন বিষয়, পাঠক্রম ও সহশিক্ষা কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়ে।

তবে বিদ্যালয় বন্ধ বা একীভূত করার জন্য সমগ্র সিটিজুড়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা এখনো ঘোষণা করেননি তিনি। স্যামুয়েলসের মতে, এ ধরনের সিদ্ধান্ত স্থানীয় শিক্ষা জেলার তত্ত্বাবধায়কদের নিতে হবে, যেখানে পরিবার ও শিক্ষকদের অংশগ্রহণ থাকা জরুরি। ডিসেম্বরে শিক্ষানীতি প্যানেলের সভায় অন্য কোনো বিদ্যালয় বন্ধ বা একীভূত করার প্রস্তাব তোলা হবে কি না, তা সিটি কর্তৃপক্ষ জানায়নি।

সিটির শিক্ষা বিভাগের মুখপাত্র নিকোল ব্রাউনস্টেইন বলেন, শিক্ষার্থীসংখ্যা কমে যাওয়ার পরিস্থিতি মোকাবিলায় দেশের অন্যান্য স্কুল জেলার মতো নিউইয়র্কেরও বিদ্যালয়গুলোর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। কিছু ক্ষেত্রে বিদ্যালয় একীভূত করার মতো কঠিন সিদ্ধান্ত প্রয়োজন হতে পারে, যাতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়ানো যায় এবং স্কুল-সম্প্রদায়কে আরও শক্তিশালী করা সম্ভব হয়। সূত্র: চকবিট, নিউইয়র্ক ডেইলি নিউজ ও নিউইয়র্ক নগর শিক্ষা বিভাগের তথ্য