নতুন একটি জরিপে নিউ ইয়র্কের ভোটারদের মধ্যে জোহরান মামদানির জনপ্রিয়তা বিষয়ক সর্বশেষ তথ্য উঠে এসেছে গত বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের একটি জরিপে দেখা গেছে যে, নিউ ইয়র্ক স্টেটের সম্ভাব্য ভোটারদের মধ্যে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে নিয়ে মতামতের ক্ষেত্রে বিভাজন রয়েছে।
১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ১,১৬৭ জন সম্ভাব্য ভোটারের ওপর এই জরিপটি চালানো হয়। এতে দেখা যায়, ৪৩ শতাংশ ভোটার মেয়রের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন, আর ৪২ শতাংশের মনোভাব নেতিবাচক। এছাড়া, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১২ শতাংশ জানিয়েছেন যে, মেয়র সম্পর্কে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই, যার ভিত্তিতে তারা কোনো মতামত গঠন করতে পারেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২২% নিজেদের রিপাবলিকান, ৪০% ডেমোক্র্যাট এবং ৩০% স্বতন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন। জরিপে অংশগ্রহণকারী রিপাবলিকানদের মধ্যে মাত্র ৩ শতাংশের মেয়রের প্রতি ইতিবাচক ধারণা ছিল, যেখানে ডেমোক্র্যাটদের ক্ষেত্রে এই হার ছিল ৭৩ শতাংশ। অন্যদিকে, ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ১০ শতাংশের মামদানির প্রতি নেতিবাচক ধারণা ছিল, যেখানে রিপাবলিকানদের মধ্যে এই হার ছিল ৮৮ শতাংশ।
স্বতন্ত্র ভোটারদের (ইন্ডিপেন্ডেন্ট) মধ্যে ৩৫ শতাংশের ইতিবাচক এবং ৫০ শতাংশের নেতিবাচক ধারণা ছিল। ১৮ থেকে ৩৪ বছর বয়সী সম্ভাব্য ভোটারদের ৫৮ শতাংশের মামদানির প্রতি ইতিবাচক ধারণা ছিল, আর ৩১ শতাংশের ছিল নেতিবাচক ধারণা।
অন্যদিকে, ৬৫ বছর বা তার বেশি বয়সী ভোটারদের মধ্যে সাধারণত মেয়রের প্রতি নেতিবাচক ধারণাই বেশি ছিল; ৪৪ শতাংশের ধারণা ছিল নেতিবাচক এবং ৩৬ শতাংশের ছিল ইতিবাচক।জরিপে অংশগ্রহণকারী পুরুষদের অধিকাংশই (৪৯ শতাংশ বনাম ৪০ শতাংশ) মেয়রের বিষয়ে নেতিবাচক মতামত দিয়েছেন, আর নারীদের অধিকাংশই (৪৬ শতাংশ বনাম ৩৬ শতাংশ) মামদানির বিষয়ে ইতিবাচক মতামত জানিয়েছেন।
নিউ ইয়র্ক সিটি থেকে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ শতাংশের মেয়রের প্রতি ইতিবাচক ধারণা ছিল এবং ২৭ শতাংশের ছিল নেতিবাচক ধারণা।কুইনিপিয়াক (Quinnipiac) জরিপটিতে ‘ডিজাইন ইফেক্ট’সহ ভুলের মাত্রা (মার্জিন অফ এরর) হলো +/- ৩.৮ শতাংশ পয়েন্ট।

























