২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

নিউইয়র্ক সিটির ডেলিভারি কর্মীদের ঘণ্টাপ্রতি আয় ২৭ ডলার, বাড়তি আয় ২ বিলিয়ন ডলারের বেশি

নিউইয়র্ক সিটির ডেলিভারি কর্মীদের ঘণ্টাপ্রতি আয় ২৭ ডলার, বাড়তি আয় ২ বিলিয়ন ডলারের বেশি

নিউইয়র্ক সিটির অ্যাপভিত্তিক খাবার সরবরাহকর্মীদের গড় আয় ঘণ্টাপ্রতি বেড়ে ২৭ ডলার ছাড়িয়েছে। ২০২৩ সালে নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম পারিশ্রমিক নির্ধারণের আইন কার্যকর হওয়ার পর থেকে কর্মীদের আয় বেড়েছে ২ বিলিয়ন ডলারের বেশি। সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা বিভাগের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চিপস বা বকশিশসহ কর্মীদের গড় ঘণ্টাপ্রতি আয় ২০২৩ সালের ১০ দশমিক ৪৮ ডলার থেকে বেড়ে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ২৭ দশমিক ০৩ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ তিন বছরেরও কম সময়ে গড় আয় বেড়েছে ১৫০ শতাংশের বেশি।

আইনটি কার্যকর করার উদ্দেশ্য ছিল বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে খাবার সরবরাহকারী কর্মীদের ন্যূনতম পারিশ্রমিক নিশ্চিত করা।প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে আইনটির প্রয়োগ শুরু হওয়ার পর থেকে কর্মীদের সম্মিলিত অতিরিক্ত আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

টিপস বা বকশিশ ছাড়া আয়ও বেড়েছে

নিউইয়র্ক সিটিতে ২০২৩ সালে অ্যাপভিত্তিক সরবরাহকর্মীদের জন্য ন্যূনতম পারিশ্রমিকের হার চালু করা হয়। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই হার বাড়ানো হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে ঘণ্টাপ্রতি হার ছিল ২১ দশমিক ৪৪ ডলার, যা ২০২৬ সালের এপ্রিলে বেড়ে ২২ দশমিক ১৩ ডলারে পৌঁছায়।

নিউ ইয়র্ক সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বকশিশ বাদে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি আয় ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ৫ দশমিক ০৫ ডলার ছিল। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে তা বেড়ে ২১ দশমিক ৬৩ ডলারে দাঁড়ায়। বকশিশ যুক্ত হলে গড় আয় হয় ২৭ দশমিক ০৩ ডলার। তবে এই পরিসংখ্যান কর্মীদের গড় আয় তুলে ধরে। প্রতিটি কর্মী প্রতি ঘণ্টায় এই পরিমাণ অর্থ পান, এমন নিশ্চয়তা দেয় না।

খাবার সরবরাহের চাহিদাও বেড়েছে

প্রতিবেদনে নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতে খাবার সরবরাহের চাহিদা বৃদ্ধির তথ্যও তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের তুলনায় রেস্তোরাঁ থেকে সাপ্তাহিক খাবার সরবরাহের সংখ্যা বেড়েছে ২৯ শতাংশ। একই সময়ে গ্রাহকদের ব্যয় বেড়েছে ৪৫ শতাংশ। নিউইয়র্ক সিটিতে অনলাইনে খাবার অর্ডার ও সরবরাহের ওপর নির্ভরতা বাড়ার মধ্যে কর্মীদের পারিশ্রমিক এবং কাজের পরিবেশ নিয়ে নতুন করে নীতিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

২০২৭ সাল থেকে নতুন সুরক্ষা

পারিশ্রমিকের পাশাপাশি সরবরাহকর্মীদের চাকরির নিরাপত্তা ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের স্বাধীনতা নিয়েও উদ্বেগের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যথাযথ কারণ ছাড়াই কোনো কর্মীকে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে।

২০২৭ সালের জানুয়ারি থেকে নিউইয়র্ক সিটিতে নতুন বিধি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় যথাযথ কারণ অথবা বৈধ অর্থনৈতিক যুক্তি ছাড়া সরবরাহকর্মীদের কোনো প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন বিধিগুলো কার্যকর হলে অ্যাপভিত্তিক সরবরাহকর্মীদের পারিশ্রমিকের পাশাপাশি কর্মসংস্থানের স্থিতিশীলতা রক্ষায়ও শহরটির নীতিগত উদ্যোগ আরও বিস্তৃত হবে। সূত্র: ওয়েব পোর্টাল গোথামিস্ট ও নিউইয়র্ক সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা বিভাগের প্রতিবেদন