যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিটের আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা বেড়েই চলেছে। নতুন ও নবায়ন মিলিয়ে ২১ লাখের বেশি আবেদন এখনো পেন্ডিং রয়েছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত মোট ২১ লাখ ৩২ হাজার ৩২টি আবেদন পেন্ডিং ছিল। এর মধ্যে অ্যাসাইলাম আবেদনকারীদের এক লাখের বেশি ওয়ার্ক পারমিট আবেদন রয়েছে। বিপুলসংখ্যক আবেদন জমে থাকায় অনেক অভিবাসী কাজের অনুমতি পাওয়া ও চাকরি অব্যাহত রাখা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
ইউএসসিআইএসের ২০২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের আবেদনসংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুনের শেষ নাগাদ নতুন ওয়ার্ক পারমিটের ১৪ লাখ ৩২ হাজার ১৮২টি এবং নবায়নের ৬ লাখ ৯৯ হাজার ৮৫০টি আবেদন পেন্ডিং ছিল। এর আগের প্রান্তিকে মোট পেন্ডিং আবেদনের সংখ্যা ছিল ১৯ লাখ ৮ হাজার ৯৯৬টি। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে পেন্ডিং আবেদন বেড়েছে দুই লাখ ২৩ হাজারের বেশি।
সবচেয়ে উদ্বেগের বিষয়, ১৩ লাখ ৭১ হাজারের বেশি আবেদন অন্তত ছয় মাস ধরে পেন্ডিং রয়েছে। এর মধ্যে চার লাখের বেশি আবেদন প্রায় দেড় বছর কিংবা তারও বেশি সময় ধরে নিষ্পত্তি হয়নি।
অ্যাসাইলাম আবেদনকারীদের ক্ষেত্রেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। আই-৭৬৫ ফরমের সি-৮ ক্যাটাগরিতে নতুন ওয়ার্ক পারমিটের ৪২ হাজার ৭৫৫টি এবং নবায়নের ৬১ হাজার ৭২৯টি আবেদন পেন্ডিং রয়েছে। সব মিলিয়ে এই ক্যাটাগরিতে পেন্ডিং আবেদনের সংখ্যা এক লাখ চার হাজার ৪৮৪টি।
























