৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

মেডিকেয়ারভুক্ত প্রবীণদের ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

মেডিকেয়ারভুক্ত প্রবীণদের ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে মেডিকেয়ার স্বাস্থ্যবিমায় থাকা ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসিক চিকিৎসা বিমার প্রিমিয়ামের খরচ কিছুটা কমাতেই এই অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে এই অর্থ দেওয়া হবে। কংগ্রেস মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচির উন্নয়নে ওই তহবিলে ২০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে বলেও জানান তিনি।

হোয়াইট হাউস জানিয়েছে, যোগ্য অধিকাংশ প্রবীণ অক্টোবরের শুরুতেই সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন। যাদের ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা নেই, তাদের নিবন্ধিত ঠিকানায় চেক পাঠানো হবে।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে একের পর এক আর্থিক সুবিধার ঘোষণা আসছে। নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে তার রিপাবলিকান পার্টি। বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ, দুই কক্ষেই দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

এর আগে গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ৫ হাজার ডলার করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ওই প্রস্তাব নিয়ে অর্থনীতিবিদ, বিশ্লেষক এবং রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতার মধ্যেও সংশয় দেখা দিয়েছে।

এ ছাড়া ট্রাম্প প্রশাসন প্রায় ১০ লাখ আমেরিকানকে ৫০০ ডলার করে দেওয়ার আরেকটি কর্মসূচি চালু করেছে। হোয়াইট হাউসের দাবি, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্যবিমা কেনা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল এবং ওই অর্থ ফেরত হিসেবেই এই অর্থ দেওয়া হচ্ছে। সূত্র: রয়টার্স