গত ২৫ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্কের জালালাবাদ ভবনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের সিলেট অঞ্চলের সাবেক বাসিন্দাদের অন্যতম বৃহৎ আঞ্চলিক ও সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে সংগঠনের সাবেক সহ-সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মরহুম সৈয়দ কামাল উদ্দিন আহমদ এবং সাবেক উপদেষ্টা মরহুম আজিজুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভায় বক্তারা প্রয়াত দুই সমাজসেবীর কর্মময় জীবন ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বক্তারা বলেন, সৈয়দ কামাল উদ্দিন আহমদ ও আজিজুর রহমান ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ, সজ্জন ও সমাজহিতৈষী ব্যক্তি। জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের মৃত্যুতে সংগঠন শুধু দুজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকেই নয়, বরং দুজন অভিভাবককে হারিয়েছে।
সংগঠনের বর্তমান সভাপতি মইনুল ইসলাম প্রয়াতদের স্মৃতিচারণ করে বলেন, আমাদের সংগঠন আজ দুজন অভিভাবক হারিয়েছে। তাদের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পৃক্ততা ও অবদান সংগঠনের সদস্যরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
অনুষ্ঠানে প্রয়াত দুই নেতার সামাজিক কর্মকাণ্ড, সংগঠনের প্রতি তাদের দায়িত্বশীলতা এবং কমিউনিটির প্রতি তাদের অবদানের কথা তুলে ধরে বক্তারা আরো বলেন, কামাল সাহেব ও আজিজ সাহেবের মতো সজ্জন ও নিবেদিতপ্রাণ মানুষের শূন্যতা দীর্ঘদিন অনুভূত হবে। তাদের কর্ম ও স্মৃতি জালালাবাদ কমিউনিটির মানুষের মাঝে বেঁচে থাকবেন।
স্মরণসভায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী মরহুম সৈয়দ কামাল উদ্দিন আহমদ, মরহুম আজিজুর রহমানসহ সংগঠনের প্রয়াত কর্মকর্তা এবং সমগ্র বিশ্ববাসীর জন্য বিশেষ দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন।
দোয়া মাহফিলে বক্তারা মহান আল্লাহর দরবারে মরহুম সৈয়দ কামাল উদ্দিন আহমদ ও মরহুম আজিজুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী, আব্দুল করিম, মনির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, মো. এ ফয়েজ, সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ, হেলিম উদ্দিন, শাহিনুর ইসলাম, লামেছ আহমেদ চিনু, মো. মাসুদ মিয়া, বদরুল উদ্দিন, কামরুল হোসেন, আব্দুল মালেক খান লায়েক, সাইফুর রহমান আলম সিদ্দিকী, জালিনুর রহমান অপু, উত্তম কুমার, সাইফুল আর, জয়নুল আবেদীন, আফরোতি, বিশিষ্ট শিল্পী মনিক উদ্দিন, জেসমিন, মইনুর রহমান, মোছা. সুলতানাসহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিপুলসংখ্যক কর্মকর্তা, সদস্য ও কর্মী।













