৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির ফলে বাংলাদেশি পর্যটকদের সাধারণত এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের জন্য আগের মতো সাধারণভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে না।

নতুন নিয়মে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে এমইভি সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম।

তবে বাংলাদেশসহ যেসব দেশের নাগরিকদের সাধারণ ভিজিট বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে এমইভি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে। এ-সংক্রান্ত ৩১টি দেশের তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

তবে এই পরিবর্তনের প্রভাব মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওপর পড়বে না। কারণ নতুন নীতিটি মূলত ভিজিট বা সামাজিক ভ্রমণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। ওয়ার্ক পারমিট ও কর্মসংস্থান-সংক্রান্ত ভিসা এর আওতাভুক্ত নয়।

নতুন নীতির ফলে মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের ভিসা ব্যবস্থাপনায় কিছুটা পরিবর্তনের মুখোমুখি হতে হবে। সাধারণ পর্যটন বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে একবার প্রবেশের ভিসাই প্রযোজ্য হবে।